দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনির ভূগর্ভের ১৩০৫ নম্বর কোল ফেইসে কাজ করার সময় মি সিং সিয়াওজুন (৪৩) নামের একজন চীনা খনিশ্রমিকের মৃত্যু হয়েছে। সিং সিয়াওজুন খনির ভূগর্ভের ভেন্টিলেটর সাইডের শ্রমিক হিসেবে নিয়োজিত ছিলেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে খনি ভূ-গর্ভের ১৩০৫ নম্বর কোল ফেইজ থেকে সিং সিয়াওজুনকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খনিশ্রমিক সূত্রে জানা যায়, সিং সিয়াওজুন সোমবার রাতের শিফটে রাত ১১টায় খনি ভূগর্ভের ১৩০৫ নম্বর কোল ফেইজে কয়লা উত্তোলনের কাজের জন্য নিচে নামেন। এরপর কাজ করার এক পর্যায়ে রাত ৩টার পর থেকে তার সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে মঙ্গলবার সকালে ভূগর্ভের ওই কোল ফেইস থেকে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে কয়লাখনি কর্তৃপক্ষ চীনা খনিশ্রমিকের মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে না পারলেও খনি শ্রমিকরা বলছেন ভূগর্ভে অক্সিজেনের স্বল্পতার কারণে তার মৃত্যু হতে পারে।
বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের (বিসিএমসিএল) মাইন অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) খান মো. জাফর সাদিক চীনা শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, দৈনন্দিন কাজের অংশ হিসেবে মি সিং সিয়াওজুন, দুইজন সহকর্মীসহ (স্থানীয় শ্রমিক) ভূগর্ভে গ্যাস পরিমাপ করতে যান। স্থানীয় শ্রমিকদের ভিন্ন স্থানে গ্যাস পরিমাপের জন্য পাঠিয়ে নিজে ১৩০৫ নম্বর কোল ফেইসের সিল ওয়ালের পার্শ্বে গ্যাস পরিমাপ করতে যান। পরে সহকর্মীরা সিং সিয়াওজুন ভূগর্ভের নির্দিষ্ট স্থানে খুঁজে না পাওয়ায় বিষয়টি ভূপৃষ্ঠের (সারফেস) কন্ট্রোল রুমে জানান।
তিনি আরও বলেন, আজ মঙ্গলবার সকাল ৭টায় তাদের শিফট ডিউটি শেষ হলে সবাই চলে এলেও তিনি না আসায় তার সহকর্মীরা কন্ট্রোল রুমে বিষয়টি জানান। পরে রেসকিউ টিম গিয়ে খোঁজাখুঁজি করে ১৩০৫ ফেইসের সিল ওয়ালের পাশে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে। এ বিষয়ে কনসোর্টিয়াম চীনে অবস্থিত নিজ দপ্তর ও নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করছে। চাইনিজ কনসোর্টিয়াম তাদের পদ্ধতি অনুযায়ী মরদেহ সৎকারের ব্যবস্থা করবেন।
পার্বতীপুর মডেল থানার ওসি আব্দুল ওয়াদুদ জানান, এ ঘটনায় মরদেহ ময়নাতদন্তের উদ্যোগ নেওয়া হচ্ছে। এ ব্যাপারে থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হবে।
