অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসের অন্যতম কলঙ্কিত অধ্যায় ‘স্যান্ডপেপার গেট’ কেলেঙ্কারি নতুন করে উস্কে দিয়েছেন উসমান খাজা। সম্প্রতি প্রকাশিত তার আত্মজীবনীতে উঠে এসেছে এক বিস্ফোরক দাবি। ২০১৮ সালে কেপটাউন টেস্টে বল টেম্পারিংয়ের ঘটনায় কেবল স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফট শাস্তি পেলেও, খাজার দাবি-বল বিকৃতির এই গোপন পরিকল্পনা সম্পর্কে আসলে দলের সব খেলোয়াড়ই আগে থেকে অবগত ছিলেন।
২০২১ সালে ক্যামেরন ব্যানক্রফট সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে বলেছিলেন, বল টেম্পারিংয়ের বিষয়টি দলের বোলারদের অজানা থাকার কথা নয়। তার এই মন্তব্যের পর কেপটাউন টেস্টের চার বোলার প্যাট কামিন্স, জশ হ্যাজলউড, মিচেল স্টার্ক ও নাথান লিয়ন যৌথ বিবৃতিতে দাবি করেন, এ বিষয়ে তাদের কোনো ধারণা ছিল না।
খাজার আত্মজীবনী সবর-এর একটি অধ্যায়ে উঠে এসেছে সেই বিতর্কিত ঘটনা। সেখানে তিনি দাবি করেছেন, কেপটাউন টেস্টে ক্যামেরার সামনে ব্যানক্রফটের স্যান্ডপেপার ব্যবহারের ঘটনা ধরা পড়ার আগেও পোর্ট এলিজাবেথ টেস্টে বল বিকৃতির ঘটনা ঘটেছিল।
প্রায় আট বছর পর খাজার এই বক্তব্য ঘিরে ক্রিকেট অস্ট্রেলিয়ায় নতুন করে বিতর্ক শুরু হয়েছে। অস্ট্রেলিয়ার টেস্ট ওপেনার নিক ম্যাডিনসন বিষয়টিকে বই বিক্রির প্রচারকৌশল হিসেবে দেখলেও ডেভিড ওয়ার্নার খাজার দাবিকে পুরোপুরি সত্য বলে সমর্থন করেছেন। এবার এ বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন কেপটাউন টেস্টের একাদশে থাকা মিচেল স্টার্ক।
২০২১ সালে দেওয়া যৌথ বিবৃতির অবস্থানেই অনড় রয়েছেন এই অস্ট্রেলীয় পেসার। বল টেম্পারিংয়ের পরিকল্পনা সম্পর্কে বোলাররা কিছুই জানতেন না-এমন বক্তব্য থেকে সরে আসেননি তিনি। স্টার্ক জানিয়েছেন, এ ঘটনায় তার অবস্থানের কোনো পরিবর্তন হয়নি।
স্টার্ক বলেন, ‘সত্যি বলতে, বিষয়টি নিয়ে আমি খুব একটা মনোযোগ দিইনি। আট বছর আগের ঘটনা নিয়ে অবশ্যই বিভিন্ন ধরনের মতামত রয়েছে। সে সময় এবং পরবর্তী সময়ে আমাদের কঠোরভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। আমি অন্য বোলারদের হয়ে কথা বলতে চাই না। তবে নিজের অবস্থান থেকে বলতে পারি, আমার মতামতের কোনো পরিবর্তন হয়নি। ২০২১ সালে আমরা যা বলেছিলাম, এখনো সেই অবস্থানেই আছি।’
পোর্ট এলিজাবেথ টেস্টেও বল বিকৃতির ঘটনা ঘটেছিল বলে খাজার দাবির বিষয়ে স্টার্ক বলেন, ‘এ বিষয়ে এই প্রথম শুনলাম যে পোর্ট এলিজাবেথে এমন কিছু ঘটেছিল। আমাদের বিবৃতিতে আগেই জানিয়েছিলাম, মাঠে কী ঘটতে যাচ্ছে, সে সম্পর্কে আমাদের কোনো ধারণা ছিল না। এ বিষয়ে আমি আর কিছু বলতে চাই না।’
এদিকে আট বছর আগের এই ঘটনা নিয়ে নতুন করে তদন্তের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। সংস্থাটির প্রধান নির্বাহী গ্রিনবার্গের মতে, অতীতের ঘটনা আবার খতিয়ে দেখে এখন কোনো লাভ হবে না।
