বুকার পুরস্কারের ইতিহাসে প্রথমবার পুরস্কার জিতলেন কল্পবিজ্ঞান (সায়েন্স ফিকশন) লেখক। ৮১ বছর বয়সী ব্রিটিশ লেখক এম জন হ্যারিসন ‘দ্য এন্ড অব এভরিথিং’ বইটির জন্য এ পুরস্কার পেয়েছেন। একইসঙ্গে বুকারের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে পুরস্কার জেতার রেকর্ডও গড়েছেন তিনি।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
জানা যায়, লেখকের জন্য এটিই ছিল বুকার পুরস্কারের প্রথম মনোনয়ন এবং প্রথমবারেই বাজিমাত করলেন তিনি।
৮১ বছর বয়সে এই পুরস্কার জয়ের মাধ্যমে তিনি এই সাহিত্য পুরস্কারের ইতিহাসে সবচেয়ে প্রবীণ বিজয়ী হওয়ার গৌরব অর্জন করলেন।
লন্ডনের ওল্ড বিলিংসগেটে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে হ্যারিসনের হাতে ৫০ হাজার পাউন্ড (মার্কিন ডলারে প্রায় ৬৭,২৩২ ডলার) প্রাইজমানির চেক তুলে দেওয়া হয়। গত বছরের বিজয়ী ডেভিড সালে তার হাতে এই পুরস্কার তুলে দেন।
লেখকের ১৩তম এই উপন্যাসটির কাহিনী আবর্তিত হয়েছে ইংল্যান্ডের কেন্ট উপকূলকে কেন্দ্র করে। সেখানে এক রহস্যময় বিপর্যয় এবং ‘আই-ঘেত্তি’ নামক রূপ পরিবর্তনকারী প্রাণীর আগমনের পর এক বিচকম্পার (সৈকতে জিনিস কুড়ানিয়া) ও তার বয়স্কা ফুফু কীভাবে বেঁচে থাকার লড়াই চালিয়ে যান, তা নিয়েই এই উপন্যাসের মূল গল্প।
মাত্র ১৯২ পৃষ্ঠার এই ছোট বইটি সংক্ষিপ্ত তালিকার (শর্টলিস্ট) ৬টি উপন্যাসের মধ্যে ছিল সবচেয়ে সংক্ষিপ্ত।
ইতিহাসবিদ ও প্রবীণ উপস্থাপক মেরি বিয়ার্ডের নেতৃত্বে গঠিত বিচারক প্যানেল ১৬৩টি বই পর্যালোচনা করে সর্বসম্মতভাবে হ্যারিসনের এই উপন্যাসটিকে বিজয়ী হিসেবে বেছে নেন।
বুকার প্রাইজ ফাউন্ডেশনের প্রধান নির্বাহী গ্যাবি উড বলেন, এর আগে অনেক বিজয়ী লেখক কল্পবিজ্ঞানের উপাদান ব্যবহার করেছেন। তবে হ্যারিসনই প্রথম, যিনি প্রকৃত কল্পবিজ্ঞান সাহিত্য দিয়ে বুকার জিতলেন।
তার ভাষায়, কয়েক দশকের সাহিত্যকর্মের স্বীকৃতি পাওয়া এই লেখকের জন্য জয়টি ঐতিহাসিক।
এর আগে ২০১৯ সালে মার্গারেট অ্যাটউড ৭৯ বছর বয়সে ‘দ্য টেস্টামেন্টস’ উপন্যাসের জন্য বুকার জিতেছিলেন। এবার তাকে ছাড়িয়ে গেলেন হ্যারিসন।
বিচারক প্যানেলের প্রধান মেরি বিয়ার্ড জানান, দীর্ঘ আলোচনার পর সর্বসম্মতিক্রমে হ্যারিসনের বইটিকে বিজয়ী হিসেবে বেছে নেওয়া হয়েছে।
প্রকাশনা সংস্থা প্রোফাইল বুকসের প্রকাশনা প্রতিষ্ঠান সার্পেন্টস টেইলের জন্যও এটি প্রথম বুকার জয়। এর আগে প্রতিষ্ঠানটি পাঁচবার মনোনয়ন পেয়েছিল।
গত বছর ডেভিড সালাই ‘ফ্লেশ’ উপন্যাসের জন্য বুকার জিতেছিলেন। সাম্প্রতিক বছরগুলোর অন্য বিজয়ীদের মধ্যে রয়েছেন সামান্থা হার্ভে, পল লিঞ্চ ও শেখান করুণাতিলকা।
