পুলিশের গাড়ি ভাঙচুর, গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ২১:২৭

গোপালগঞ্জে পুলিশের সঙ্গে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। পুলিশের গাড়ি ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনার পর ছয় প্লাটুন বিজিবি মোতায়েন করেছে জেলা প্রশাসন।

মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় এ তথ্য নিশ্চিত করেছেন গোপালগঞ্জ জেলা প্রশাসক মো. আরিফ উজ জামান। তিনি বলেন, গোপালগঞ্জে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। বিশৃঙ্খলা মোকাবিলায় ছয় প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার সকালে নেতাকর্মীরা জড়ো হয়ে বাসস্ট্যান্ড অবরুদ্ধ করে রাখেন। এ সময় পুলিশ তাদের বাধা দিলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। একপর্যায়ে পুলিশের একটি পিকআপে আগুন দেওয়া হয়।

গোপালগঞ্জের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক শিবলু আহমেদ বলেন, পুলিশের গাড়িতে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে সকাল ১১টা ২৮ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

তাছাড়া দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলায় বড়াশী ইউনিয়নের পাথালিয়া এলাকায় কাঠ ও টায়ার জ্বালিয়ে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করেন নেতাকর্মীরা। একই সময়ে গোপালগঞ্জ শহরের বিসিক ব্রিজ এলাকায় মিছিল ও সড়ক অবরোধের খবর পাওয়া যায়।

গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ বলেন, কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া আজ গোপালগঞ্জের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। জেলার মানুষ শান্তিপূর্ণভাবে দিন কাটাচ্ছেন। আশা করছি, ভবিষ্যতেও শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে। নাশকতা প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে।

ইত্তেফাক/এপি