ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে স্বাগত জানিয়ে জামালপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলকে কেন্দ্র করে থানায় মামলা দায়ের করেছে এক শ্রমিক দল নেতা। কিন্তু সেই মামলায় আসামি করা হয়েছে একজন ছাত্রদল নেতাকে। বিষয়টি নিয়ে জেলার রাজনৈতিক অঙ্গনে চলছে নানা আলোচনা-সমালোচনা।
পুলিশ ও দলীয় সূত্রে জানা গেছে, সোমবার (৯ নভেম্বর) রাত ২টার দিকে জামালপুর থানায় মামলাটি দায়ের করেন জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন শাহীন।
সেই মামলার ২৮ নাম্বার আসামি হলেন মো. নাঈম। তিনি জামালপুর পৌরসভার লাঙল জোড়া এলাকার জয়নাল আবেদীনের ছেলে এবং ৯ নম্বর ওয়ার্ড দক্ষিণ শাখা ছাত্রদলের সদস্য।
মামলার বিবরণী থেকে জানা যায়, গত রোববার শেখ হাসিনাকে রাজনীতিতে পুনর্বহাল করতে আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শহরের বকুলতলা মোড়ে সমবেত হয়ে মশাল, ব্যানার, লাঠিসোঁটা, লোহার রড, পেট্রোল বোমাসহ দেশীয় অস্ত্র নিয়ে মিছিল বের করেন। পরে মিছিলটি তমালতলা মোড়ে পৌঁছানোর পর মামলার বাদী ও সাক্ষীরা স্থানীয়দের সঙ্গে নিয়ে ধাওয়া দিলে মিছিলকারীরা পালিয়ে যায়। পরে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মিছিলকারীদের ফেলে যাওয়া দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করে।
এই ঘটনায় আনোয়ার হোসেন শাহীন বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে ১১ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের (নিষিদ্ধ সংগঠন) যুগ্ম-সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম বিকাশকে প্রধান করে ৩৭ জনের নাম উল্লেখ করে এবং ৩০ থেকে ৩৫ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন। সেই মামলার ২৮ নাম্বার আসামি হলেন ছাত্রদল নেতা মো. নাঈম।
এসব বিষয়ে ওয়ার্ড ছাত্রদলের সদস্য নাঈম বলেন, ‘আমি দীর্ঘ ৮ বছর ধরে ছাত্রদলের রাজনীতি করছি। এর আগেও হাসিনা সরকার পতনের পর আমাকে ছাত্রলীগ-যুবলীগের সঙ্গে একটি মামলায় আসামি করা হয়েছে। এখন আবার এই মামলার আসামি করা হলো। বার বার আমাকে এভাবে হেনস্থা করা হচ্ছে। কিন্তু আমি ৯ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সদস্য। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ও আমাদের সংসদ সদস্য মামুন ভাইয়ের কাছে আমার বিনীত অনুরোধ তারা যেন এই বিষয়টি নজরে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। কারো সঙ্গে আমার কোনো শত্রুতা নেই। যে মামলার বাদী তার সঙ্গও আমার পূর্ব পরিচয় বা শত্রুতা নেই।’
তবে মামলার বাদী আনোয়ার হোসেন শাহীন মোবাইল ফোনে বলেন, ‘ছেলেটি আগে ছাত্রলীগ করতো। আমাদের কাছে ডকুমেন্ট আছে।’
৯ নম্বর ওয়ার্ড দক্ষিণ শাখা ছাত্রদলের সভাপতি মো. নাঈম হোসেন মোবাইল ফোনে বলেন, ‘গত ৪ বছর ধরে আমাদের এই কমিটি। নাঈম ছেলেটি আমাদের দুঃসময় থেকে রাজনীতিতে জড়িত। সে একজন ত্যাগী ও পরিশ্রমী ছাত্রনেতা।’
জামালপুর শহর ছাত্রদলের আহ্বায়ক রবিন হোসেন বলেন, বিষয়টি আমার জানা নেই। আমি খোঁজ নিয়ে আপনাকে বিস্তারিত জানাচ্ছি।
জামালপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বলেন, ‘রাজনৈতিক অভ্যন্তরীণ কোন্দলের জন্য ত্যাগী ছাত্রদল নেতার নামে মামলা করা হয়েছে। তিনি ও তার পরিবার বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। যিনি মামলার বাদী তিনি নিজেই আওয়ামী লীগ নেতাদের সঙ্গে একই সংগঠনে আছেন। সেটি ঢাকতে ও নিজেদের জাহির করতে একজন ত্যাগী নেতার নামে মামলা করা হয়েছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।’
জামালপুর থানার ওসি নাজমুস সাকিব বলেন, বাদীর আবেদনের প্রেক্ষিতে মামলা রুজু করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেবেন।
