ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পাঁচজন সহকারী প্রক্টর পদত্যাগপত্র দিয়েছেন। এছাড়া আরও একজন আজকের মধ্যে পদত্যাগ করতে পারেন। তারা সবাই জুলাই গণ-অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের সময়ে ওই পদে নিয়োগ পেয়েছেন।
তাদের পদ ছাড়ার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ‘অনুরোধ’ করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে।
পদত্যাগ করা পাঁচজন হলেন- আরবি বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ রফিকুল ইসলাম, প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক আতিয়া সানজিদা শর্মী, সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ মাহবুব কায়সার, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক শারমীন কবীর এবং ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) বিভাগের সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে এ অভিযোগের বিষয়টি নাকচ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক মো. ইসরাফিল রতন বলেন, ‘এখন পর্যন্ত পাঁচজনের পদত্যাগপত্র আমি পেয়েছি। তাদের মধ্যে গতকাল দুজন এবং আজ তিনজন পদত্যাগপত্র জমা দেন।’
পাশাপাশি ক্রিমিনোলজি বিভাগের সহকারী অধ্যাপক রেজাউল করিম সোহাগ পদত্যাগ করতে পারেন বলে জানা গেছে।
এদিকে পদত্যাগপত্র জমা দেওয়া শিক্ষকদের একজন বলেন, ‘স্যার আমাকে ডেকে পদত্যাগের অনুরোধ করেন। তখন আমি বলি, স্যার, তাহলে কি সুবিধা হয়? স্যার বলেন, পদত্যাগ করলে খুব ভালো হয়। পরে স্যারের অনুরোধে আমি পদত্যাগ করতে সম্মত হই।’
যদিও আরেকজন জানান, তিনি ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছেন। এখন একাডেমিক কাজে আরও মনোযোগী হতে চান।
এদিকে সার্বিক বিষয়ে প্রক্টর ইসরাফিল রতন বলেন, ‘বাংলাদেশের সবাই তো রাজনৈতিকভাবে সচেতন। এ ধরনের কোনো ঘটনা ঘটলে আমরা হাসলেও, কাঁদলেও রাজনৈতিক কিছু দেখতে পাই। তবে বিষয়টি শেষ পর্যন্ত তাঁরাই বলতে পারবেন। আমার পক্ষ থেকে এ ধরনের কোনো চাপ অনুভব করছি না বা ওই ধরনের কোনো চাপ প্রয়োগ করা হয়নি।’
উল্লেখ্য, ২১ জন সহকারী প্রক্টর আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে।
