রাঙ্গামাটি স্বাস্থ্য বিভাগের মাসিক সভা অনুষ্ঠিত হলো কাপ্তাইয়ে

আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৮, ২১:২২

কাপ্তাই (রাঙ্গামাটি) সংবাদদাতা

রাঙ্গামাটি স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্য বিষয়ক মাসিক সমন্বয় সভা গতকাল শুক্রবার কাপ্তাই উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় রাঙ্গামাটি জেলার ১০ উপজেলার সকল স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, জেলার বিভিন্ন উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত সকল চিকিত্সক, কমিউিনিটি হাসপাতালের কর্মী এবং স্বাস্থ্য নিয়ে কাজ করেন এমন বেসরকারি সংস্থার সকল কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব (হাসপাতাল) বাবলু কুমার সাহা। রাঙ্গামাটি জেলা সিভিল সার্জন ডাঃ শহীদ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উপ-সচিব মোহাম্মদ মিকাইল ও কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার আশ্রাফ আহমেদ রাসেল। বক্তব্য রাখেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ নীহর রঞ্জন নন্দী। সঞ্চালনায় ছিলেন সুপতি রঞ্জন চাকমা। সভায় রাঙ্গামাটি জেলার সকল হাসপাতালের সংশ্লিষ্ট ডাক্তাররা হাসপাতালের সার্বিক চিকিত্সা বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

এ সময় প্রধান অতিথি বাবলু কুমার সাহা প্রতিটি উপজেলায় স্বাস্থ্য সেবা কেমন চলছে, কোন হাসপাতালে কতজন ডাক্তার আছেন, তারা নিয়মিত হাসপাতালে আসছেন কি না, রোগীরা যথাযথ চিকিত্সা সেবা পাচ্ছে কিনা, ম্যালেরিয়া, যক্ষ্মা, গর্ভবতী মহিলাদের সন্তান প্রসব, ইউপিআই কর্মসূচি, কমিউনিটি ক্লিনিক, স্বাস্থ্য সেবায় এনজিওগুলোর ভূমিকা ইত্যাদি বিষয়ে জানতে চান। তিনি বলেন, জনগণের দোরগোড়ায় চিকিত্সা সেবা পৌঁছে দেওয়ার জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। কারো গাফিলতিতে যদি জনগণ কাঙ্ক্ষিত চিকিত্সা সেবা থেকে বঞ্চিত হন, তা হলে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কমিউনিটি ক্লিনিকে যাতে সার্বক্ষণিক স্বাস্থ্য কর্মী উপস্থিত থাকে এবং প্রাথমিক চিকিত্সা ও প্রয়োজনীয় ওষুধ যাতে রোগী পায় সেটি নিশ্চিত করতে তিনি সকল স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে নির্দেশ দেন।