খানাখন্দে ভরা গৌরনদীর বাটাজোর-শরিকল সড়ক

আপডেট : ২৩ আগস্ট ২০১৯, ২১:২১

গৌরনদী উপজেলার জনগুরুত্বপূর্ণ বাটাজোর-শরিকল সড়কে সামান্য বৃষ্টিতেই বিভিন্নস্থানে সৃষ্টি হওয়া বড়ো বড়ো গর্তে পানি জমে বেহাল অবস্থার সৃষ্টি হয়েছে। প্রায় ছয় কিলোমিটারের পুরো সড়কটি জুড়ে ব্যাপক খানাখন্দের কারণে প্রতিনিয়ত ঘটছে ছোটো বড়ো অসংখ্য দুর্ঘটনা। সড়কটির বেহাল দশার কারণে বন্ধ হওয়ার উপক্রম হয়েছে এ সড়কে চলাচলকারী লোকাল বাস। খানাখন্দের কারণে এরই মধ্যে এ সড়কে ছোটো ছোটো যানবাহন চলাচল বন্ধ হয়ে কয়েকশ পরিবারের সদস্য বেকার হয়ে পড়েছেন।

ইজিবাইক চালক রফিক হাওলাদার জানান, ভাঙা রাস্তায় এখন আর গাড়ি চালাতে পারছি না।

উপজেলা এলজিইডি অফিসের প্রকৌশলী মো.অহিদুর রহমান জানান, সড়কটি সংস্কারের জন্য প্রকল্প তৈরি করে অনুমোদনের জন্য সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করা হয়েছে।

গৌরনদীর উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন্নাহার মেরী জানান, বাটাজোর-সরিকল সড়কটির অবস্থা খুবই খারাপ। প্রতিদিন গাছ বোঝাই করে ভারী ট্রাক চলাচলের কারণে ঐ সড়কটির বেহাল দশা হয়েছে। অচিরেই সড়কটি সংস্কার করা হবে বলে তিনি জানান।