কুমিল্লায় এমপির সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০

আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ১৩:২৩

কুমিল্লার তিতাসে সংসদ সদস্যকে সংবর্ধনা দেওয়ার অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের (ইউপি) সম্ভাব্য দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য সেলিম ভূঁইয়া মঞ্চ ছেড়ে পাশের একটি বিদ্যালয়ে আশ্রয় নেন।

গতকাল বৃহস্পতিবার বিকেল চারটার দিকে তিতাস উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের গোপালপুর গ্রামের ড. খন্দকার মোশাররফ হোসেন উচ্চবিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। এ ঘটনার জেরে গতকাল রাতেই তিতাস উপজেলা বিএনপির সহসভাপতি এমদাদ হোসেন আখন্দকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

স্থানীয় সূত্র ও আয়োজকদের বরাতে জানা গেছে, তিতাস উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ ও জিয়ারকান্দি ইউপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জামাল উদ্দিন প্রধান আসন্ন ইউপি নির্বাচন সামনে রেখে এ সংবর্ধনার আয়োজন করেন। 

এর আগে সংসদ সদস্য গোপালপুরে একটি মাটির সড়কে ইট বসানোর কাজ এবং নাগেরচর–গোপালপুর খালের ওপর পুরোনো সেতুর ছাদ ঢালাইয়ের কাজের উদ্বোধন করেন। দুপুরে জামাল উদ্দিন প্রধানের বাড়িতে মধ্যাহ্নভোজ শেষে তিনি দলীয় নেতা–কর্মীদের নিয়ে অনুষ্ঠানস্থলে যান।

অনুষ্ঠানে উপজেলা বিএনপির সহসভাপতি ও আরেক সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী এমদাদ হোসেন আখন্দ সমর্থকদের নিয়ে মঞ্চে যান। এ সময় হঠাৎ তার সমর্থক ও জামাল উদ্দিনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। উভয় পক্ষ লাঠি, চেয়ার ও ফেস্টুনের কাঠ নিয়ে এলোপাতাড়ি হামলায় জড়িয়ে পড়ে। সংঘর্ষের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে এবং তা তিতাসসহ আশপাশের উপজেলায় আলোচনার বিষয় হয়ে ওঠে।

সংঘর্ষে আহত ব্যক্তিদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল, তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গোপালপুর গ্রামের মো. ফাহিম (২২), মো. রনি (৩৪), এম এ জিহাদ (১৯) ও মো. ইসলামকে (২২) চিকিৎসা দেওয়া হয়। তাদের মধ্যে ফাহিম ও রনির অবস্থার অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. বিল্লাল হোসেন গণমাধ্যমকে বলেন, দুজনের অবস্থা খুবই আশঙ্কাজনক। তাদের পুরো শরীরে আঘাতের চিহ্ন আছে।

এমদাদ হোসেন আখন্দ বলেন, তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একই গ্রামের প্রতিপক্ষ জামাল উদ্দিন প্রধান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন নিয়ে তার সমর্থকদের ওপর হামলা চালিয়েছেন। তার ছোট ভাই সাইমুন ইসলাম আখন্দকে মারধর করা হয়েছে। তার দাবি, পূর্বপরিকল্পিতভাবে তার বাড়ি ও অফিসে ভাঙচুর ও ব্যাপক লুটপাট চালানো হয়েছে। অনুষ্ঠানে প্রবেশের সময় তাকে ও তার সমর্থকদের বাধা দেওয়া হয় এবং হামলা চালানো হয়। তার একাধিক সমর্থক আহত হয়েছেন, কয়েকজনকে ছুরিকাঘাত করা হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।

এ বিষয়ে জানতে গতকাল রাতে সংসদ সদস্য সেলিম ভূঁইয়ার মুঠোফোনে কল করা হলে তিনি তা কেটে দেন। আজ শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে আবার যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

দলীয় পদ থেকে বহিষ্কার

এ ঘটনায় বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে গতকাল রাতে এমদাদ হোসেন আখন্দকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আবুল হাসেম লিখিত চিঠিতে এ বহিষ্কারাদেশ দেন।

চিঠিতে উল্লেখ করা হয়, সংগঠনবিরোধী কার্যক্রমের অভিযোগে এমদাদ হোসেনকে উপজেলা বিএনপির সহসভাপতি ও জিয়ারকান্দি ইউনিয়ন বিএনপির সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে।

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিরুল হক জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন স্বাভাবিক আছে বলে। 

 
ইত্তেফাক/আরএইচ