বাংলাদেশেও ব্যবহার করা যাচ্ছে না আউটলুক, মাইক্রোসফট টিমসসহ ওয়ার্ড ৩৬৫ 

আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ১৪:৫৫

বিশ্বব্যাপী বড় ধরনের কারিগরি বিভ্রাটের কবলে পড়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফটের বিভিন্ন সেবা। বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত ১১টা ৩২ মিনিট (বাংলাদেশ সময়) থেকে শুরু হওয়া এই বিভ্রাটের কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের ব্যবহারকারীরা মাইক্রোসফটের ই-মেইল সেবা আউটলুক, ভিডিও সম্মেলনের সফটওয়্যার মাইক্রোসফট টিমস এবং ওয়ার্ড ৩৬৫ অনলাইনে ব্যবহার করতে পারছেন না। ১৪ ঘণ্টার বেশি সময় ধরে চলা এ সমস্যায় বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।

বাংলাদেশের একাধিক করপোরেট প্রতিষ্ঠানের আউটলুক ব্যবহারকারীরা সকাল থেকে ই-মেইল সেবা নিতে পারছেন না। নাম প্রকাশ না করার শর্তে একটি গবেষণা সংস্থার কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, ‘রাত থেকে মাইক্রোসফট আউটলুক ব্যবহার করতে পারছি না। শুক্রবার (১৩ নভেম্বর) অফিস বন্ধ হলেও অনলাইনে আমাদের সব কাজ বন্ধ হয়ে গেছে।’ 

ওয়েবসাইটের কার্যক্রম পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান ডাউনডিটেক্টরের তথ্যমতে, বিশ্বব্যাপী বিভ্রাট শুরুর প্রায় এক ঘণ্টার মধ্যে ৭৪টি দেশে মাইক্রোসফটের বিভিন্ন সেবায় বড় ধরনের সমস্যা দেখা দেয়। এখনো প্রতিষ্ঠানটির একাধিক সেবা স্বাভাবিকভাবে ব্যবহার করতে পারছেন না ব্যবহারকারীরা।

এই কারিগরি সমস্যার প্রভাব পড়েছে বিভিন্ন দেশের ব্যবসাপ্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রে। যুক্তরাষ্ট্রের কয়েকটি প্রতিষ্ঠানের কর্মীরা গতকাল কাজ বন্ধ করে নির্ধারিত সময়ের আগেই বাড়ি ফিরে যান। অস্ট্রেলিয়ার ব্যবসাপ্রতিষ্ঠানগুলো ইনভয়েস প্রিন্ট করতে সমস্যায় পড়ে। কয়েকটি স্কুল অনলাইন ক্লাস পরিচালনা করতে পারেনি। ইউরোপের বিভিন্ন দেশেও এ বিভ্রাট ছড়িয়ে পড়ে।

মাইক্রোসফট প্রথমে জানিয়েছিল, সমস্যা সমাধানের প্রচেষ্টায় ইতিবাচক অগ্রগতি হয়েছে। তবে কয়েক ঘণ্টা পর প্রতিষ্ঠানটি জানায়, সমস্যার স্থায়ী সমাধান এখনো সম্ভব হয়নি। প্রকৌশলীরা বিভ্রাট কাটিয়ে উঠতে কাজ করছেন। একই সঙ্গে মাইক্রোসফট জানিয়েছে, সাইবার হামলার কারণে এ সমস্যা তৈরি হয়নি।

এদিকে মাইক্রোসফটের সেবায় বিভ্রাটের সুযোগ নিয়ে প্রতারণা ও ফিশিং হামলার আশঙ্কায় বিভিন্ন দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান গ্রাহকদের সতর্ক করেছে। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সিঙ্গাপুর কার্যালয় সামাজিক যোগাযোগমাধ্যমে গ্রাহকদের সতর্ক করে জানিয়েছে, প্রযুক্তিগত বিভ্রাট প্রতারকদের জন্য সুযোগ তৈরি করতে পারে। তাই গ্রাহকদের সতর্ক থাকতে হবে।

আইএনজি অস্ট্রেলিয়া জানিয়েছে, প্রতারকরা মাইক্রোসফট বা অন্য কোনো সিস্টেমের সমস্যা সমাধানের কথা বলে গ্রাহকদের সঙ্গে যোগাযোগ করতে পারে। নিশ্চিত না হয়ে কাউকে নিজের যন্ত্রের নিয়ন্ত্রণ না দেওয়ার পরামর্শ দিয়েছে ব্যাংকটি।

অন্যদিকে ব্যাংক অব কুইন্সল্যান্ড জানিয়েছে, প্রতারকরা ব্যক্তিগত তথ্য কিংবা ওয়ান টাইম পাসওয়ার্ড (ওটিপি) চাইতে পারে। এ কারণে সন্দেহজনক ফোনকল এড়িয়ে চলার পাশাপাশি অপরিচিত উৎস থেকে আসা লিংকে ক্লিক বা কোনো অ্যাটাচমেন্ট না খোলার পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি।

মাইক্রোসফট জানিয়েছে, তাদের প্রকৌশলীরা সমস্যা সমাধানে কাজ করছেন। ব্যবহারকারীদের ধৈর্য ধরার অনুরোধ জানানো হলেও কখন নাগাদ সব সেবা পুরোপুরি স্বাভাবিক হবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময় জানায়নি প্রতিষ্ঠানটি।

সূত্র: সিএনএন, ডাউনডিটেক্টর।

ইত্তেফাক/এসজে