সাতক্ষীরায় সাপের কামড়ে বেদে দম্পতির মৃত্যু

আপডেট : ২৩ আগস্ট ২০১৯, ২১:২৬

সাতক্ষীরায় বিষধর সাপের দংশনে শুক্রবার ভোরে স্বামী-স্ত্রী দুই বেদের মৃত্যু হয়। সাতক্ষীরা সদর উপজেলার আলীপুর নতুন হাটখোলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। স্ব্বামী এখলাস খাঁ (৩২) সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান। গুরুতর আহত তার স্ত্রী আলিনা খাতুনকে (২৮) খুলনা নেওয়ার পথে তারও মৃত্যু হয়।

সাপের কামড়ে নিহত এখলাস খাঁ ও তার স্ত্রী আলিনা খাতুন যশোরের কালিগঞ্জ উপজেলার বারোবাজার এলাকার বাসিন্দা।

এলাকাবাসী সূত্রে জানা যায়, গত কয়েকদিন আগে বেদে সমপ্রদায়ের একদল লোক সাতক্ষীরা সদর উপজেলার আলীপুর নতুন হাটখোলা বাজার এলাকায় তাঁবু ফেলে বসবাস শুরু করে। তাঁবুতে ঘুমন্ত অবস্থায় বিষধর সাপ এখলাস ও তার স্ত্রী আলিনা খাতুনকে দংশন করে। রাতে স্থানীয় ওঝা ডেকে তাদেরকে ঝাড়-ফুঁক করা হয়। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় ভোরে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

সাতক্ষীরা সিভিল সার্জন ডা. আবু শহীন বিষয়টি নিশ্চিত করে জানান, বিষধর সাপের কামড়ে বেদে এখলাস খাঁর সদর হাসপাতালে মৃত্যু হয়েছে। এরপর তার স্ত্রীকে খুলনায় নেওয়ার পথে তারও মৃত্যু হয়।