আর্থিক লেনদেন নিয়ে বিরোধের জেরে মাথায় হাঁসুয়ার কোপ, দিনমজুরের মৃত্যু 

আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ১৭:০৪

ঝিনাইদহের মহেশপুরে আর্থিক লেনদেন নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হাঁসুয়ার কোপে নূর মোহাম্মদ (৪৫) নামে এক দিনমজুরে মৃত্যুর খবর পাওয়া গেছে। 

শুক্রবার (১৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ১১ নম্বর মান্দারবাড়িয়া ইউনিয়নের পুড়াদহ মাঠে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় যশোর সদর হাসপাতালে নেওয়ার পর দুপুর ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত নূর মোহাম্মদ মহেশপুর উপজেলার মান্দারতলা গ্রামের হানেফ আলীর ছেলে। এ ঘটনায় অভিযুক্ত জসিম (৩৫) একই উপজেলার পুড়াদহ গ্রামের লুৎফর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে পুড়াদহ মাঠে পাশাপাশি নিজেদের জমিতে পাকা কলাই কাটছিলেন নূর মোহাম্মদ ও জসিম। এ সময় নূর মোহাম্মদের খালাতো বোনের জামাই বিল্লালকে বিদেশে পাঠানোর জন্য জসিমের সঙ্গে করা আর্থিক লেনদেন নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে জসিম তার হাতে থাকা হাঁসুয়া দিয়ে নূর মোহাম্মদের মাথা, ঘাড়, হাতসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কোপ দেন। এতে তিনি গুরুতর রক্তাক্ত জখম হন।

পরে স্থানীয় লোকজন ও স্বজনেরা তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় যশোর সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টার দিকে তার মৃত্যু হয়।

ঘটনার পর থেকে অভিযুক্ত জসিম পলাতক রয়েছেন। নিহতের মরদেহ বর্তমানে যশোর সদর হাসপাতালের মর্গে রয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মহেশপুর থানার ওসি ইমরান আলম জানিয়েছেন, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। নিহতের মরদেহ যশোর সদর হাসপাতালের মর্গে রয়েছে। অভিযুক্ত জসিম পলাতক রয়েছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ইত্তেফাক/এপি