৩০ লাখ টাকা ঘুষের অভিযোগ, শুরুর ১০ মিনিট আগে কলেজের নিয়োগ পরীক্ষা স্থগিত

আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ১৭:১৯

জয়পুরহাটের কালাই ডিগ্রি কলেজের হিসাব সহকারী পদে নিয়োগ পরীক্ষা শুরুর ১০ মিনিট আগে স্থগিত করা হয়েছে। এ পদে নিয়োগের জন্য এক প্রার্থীর কাছ থেকে প্রায় ৩০ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এ ঘটনা ঘটে। তবে অভিযুক্ত প্রার্থী ঘুষ দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন।

শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১০টায় জেলা শহরের জয়পুরহাট সরকারি মহিলা কলেজ কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে সকাল পৌনে ১০টার দিকে ‘অনিবার্য কারণ’ দেখিয়ে পরীক্ষা স্থগিতের নোটিশ দেন কেন্দ্রের দায়িত্বে থাকা কলেজটির অধ্যক্ষ জাহাঙ্গীর আলম।

কলেজ সূত্রে জানা গেছে, হিসাব সহকারী পদে নিয়োগের জন্য মোট ১৪ জন আবেদন করেছিলেন। শুক্রবার সকালে পরীক্ষা দিতে কেন্দ্রে উপস্থিত হন ছয়জন। তাদের মধ্যে ঘুষ দেওয়ার অভিযোগ ওঠা প্রার্থী আবু রায়হান মণ্ডলও ছিলেন। হঠাৎ পরীক্ষা স্থগিত হওয়ায় দূরদূরান্ত থেকে আসা প্রার্থীরা ভোগান্তিতে পড়েন। কেন পরীক্ষা স্থগিত করা হয়েছে, তা নিয়েও তাদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়।

ঘুষ দেওয়ার অভিযোগ অস্বীকার করে আবু রায়হান মণ্ডল বলেন, সকাল ১০টায় পরীক্ষা হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ের কাছাকাছি গিয়েও পরীক্ষা আয়োজনের কোনো লক্ষণ দেখা যায়নি। কারও সঙ্গে তিনি কোনো ধরনের আর্থিক লেনদেন করেননি।

পরীক্ষা স্থগিতের কারণ জানতে চাইলে জয়পুরহাট সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর আলম বলেন, নিয়োগ বোর্ডের পাঁচ সদস্যের মধ্যে তিনজন নির্ধারিত সময়ের আগেই কেন্দ্রে উপস্থিত হয়েছিলেন। তবে বোর্ডের সদস্য ও কলেজ পরিচালনা কমিটির সভাপতি তাজ উদ্দিনকে সেখানে পাওয়া যায়নি। মুঠোফোনেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। এ পরিস্থিতিতে পরীক্ষা স্থগিত করা হয়েছে।

অন্যদিকে, পরীক্ষা স্থগিতের কারণ হিসেবে জাতীয় বিশ্ববিদ্যালয় ও অধিদপ্তরের (ডিজি) প্রতিনিধি উপস্থিত না থাকার কথা জানিয়েছেন তাজ উদ্দিন। ৩০ লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, ‘ফেসবুকে তো কত কিছুই বলা হয়। টাকা নেওয়ার অভিযোগ সঠিক নয়।’

নিয়োগ বোর্ডে জেলা প্রশাসকের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক যাদব সরকার। শুক্রবার দুপুরে তিনি বলেন, পরীক্ষা স্থগিতের কারণ জানিয়ে জেলা প্রশাসকের কাছে লিখিত প্রতিবেদন দেবেন।

এ বিষয়ে বক্তব্য জানতে কালাই ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজাউল করিম প্রামাণিকের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল ধরেননি।

ইত্তেফাক/এসএ