চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুইছড়ি ইউনিয়নের মওলারপাড়ায় দুই জমজ সন্তান ও তাদের বাবাসহ মোট তিনজনের মরদেহ উদ্ধার করেছে বাশখালী থানা পুলিশ।
শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় বাঁশখালী থানা এলাকার মাওলার পাড়ার শামসুল আলমের বাড়ি থেকে মরদেহ তিনটি উদ্ধার করা হয়।
নিহতরা হলেন, চাম্বলের বাসিন্দা বাঁশখালী সাবেক উপজেলা চেয়ারম্যান মৃত বদিউল আলমের ছেলে মো. জাহেদুল ইসলাম (৪৮) ও তার ৭ মাস বয়সী জমজ দুই কন্যসন্তান।
পুইছড়ি ইউনিয়নের ১ নম্বর ইউপি সদস্য সাদ্দাম হোসেন মানিক জানান, শুক্রবার সন্ধ্যায় মাওলার পাড়ার শামসুল আলমের বাড়ি থেকে ৭ মাস বয়সী দুই মেয়ে সন্তানসহ জাহেদুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়েছে।
স্থানীয়রা জানান, ২০২৫ সালের ২৭ ফেব্রুয়ারি জাহেদুল ইসলাম ও মওলার পাড়ার শামসুল আলমের মেয়ে আফিয়া সোলতানার বিয়ে হয়। ওই দম্পতির সংসারে ৭ মাস বয়সী দুই জমজ কনে সন্তানের জন্ম গ্রহণ করে। জাহেদের বাড়ি চাম্বল ইউনিয়নে। তার বাবা বদিউল আলম ছিলেন বাঁশখালীর সাবেক উপজেলা চেয়ারম্যান। জাহেদ প্রবাসী ছিলেন। আফিয়া সোলতানা তার দ্বিতীয় স্ত্রী। ১ম স্ত্রীকে ডিভোর্স দেওয়ার পর জাহেদ আফিয়াকে বিয়ে করে।
আফিয়া সোলতানা জানান, আজ শুক্রবার থাকায় আমার মানত পালন করতে নাপোড়ার ভিলেজার পাড়ায় মসজিদে গিয়েছিলাম। আমার দুই সন্তানকে বাড়িতে রেখে গিয়েছিলাম। খবর পেয়ে চলে আসি। এসে দেখি সন্তানদের নিথর দেহ। তাদের মুখে ফেনা ছিল এবং আমার স্বামীর গলায় ফাঁস লাগানো অবস্থায় ছিল।
বাঁশখালী থানার ওসি রবিউল হক বলেন, খবর পেয়ে সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে জমজ দুই শিশুসহ তাদের বাবার মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জাহেদ আত্মহত্যার আগে শিশু দুটিকে বালিশচাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করেছেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ ও ঘটনার পেছনের রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে।
