চট্টগ্রামে ৫ কোটি টাকার স্বর্ণসহ যুবক গ্রেপ্তার

আপডেট : ১৩ নভেম্বর ২০২৬, ২৩:৫৮

চট্টগ্রাম নগরের আকবরশাহ থানা পুলিশের অভিযানে ৩ কেজি ১২৯ দশমিক ৭ গ্রাম স্বর্ণসহ চোরা কারবারি চক্রের এক সদস্যকে করেছে পুলিশ। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৫ কোটি ৩৬ লাখ ৬২ হাজার টাকা বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে নগরের আকবরশাহ থানার সিটি গেট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পশ্চিম পাশে পুলিশ চেকপোস্টের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতের নাম সুধীর কুমার ধর (৪১), তিনি বাঁশখালী উপজেলার উত্তর জলদী এলাকার ননী গোপাল ধরের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে আকবরশাহ থানার ওসি নাজের হোসাইন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে সিটি গেট এলাকায় পুলিশ চেকপোস্টের সামনে অভিযান চালানো হয়। এ সময় সুধীর কুমার ধরকে গ্রেপ্তার করে তল্লাশি করা হলে তার হেফাজত থেকে ৩ কেজি ১২৯ দশমিক ৭ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক মূল্য ৫ কোটি ৩৬ লাখ ৬২ হাজার টাকা। এ ঘটনায় তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে এবং সেই মামলায় তাকে আদালতে পাঠানো হয়েছে।’

ইত্তেফাক/এমএসআর