বান্দরবানের রোয়াংছড়িতে সড়ক নির্মাণসহ ৩ কোটি টাকার উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার দুপুরে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি আনুষ্ঠানিকভাবে ফলক উন্মোচন করেন। পরে মন্ত্রী বেসরকারী উন্নয়ন সংস্থা কারিতাসের উদ্যোগে রোয়াংছড়ি উপজেলায় পাহাড় ধস ও বন্যায় ক্ষতিগ্রস্ত ৭শ পরিবারদের মাঝে সাড়ে ৫ হাজার করে নগদ অর্থ এবং সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে ১৫ কেজি করে চাল বিতরণ করেন।
এসময় অন্যান্যদের মধ্যে পার্বত্য জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাঞ্চনজয় তংচঞ্চ্যা, বান্দরবান ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো: শফিউল আলম, অতিরিক্ত পুলিশ সুপার মো: কামরুজ্জামান, এলজিইডি বিভাগের নির্বাহী প্রকৌশলী জিল্লুর রহমান, সিভিল সার্জন ডাঃ অং সুই প্রু, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবানের প্রকল্প পরিচালক আবদুল আজিজ, নির্বাহী প্রকৌশলী ইয়াছির আরাফাতসহ গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
উন্নয়ন কাজগুলো হচ্ছে- স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) অর্থায়নে ২ কোটি পঞ্চাশ লাখ টাকা ব্যয়ে বন্যা ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত পল্লী সড়ক অবকাঠামো পুণর্বাসন প্রকল্পের আওতায় রোয়াংছড়ি থেকে বাঘমারা-লিরাগাওঁ সড়ক নির্মাণ ও রোয়াংছড়ি উপজেলা সদরে মুক্তিযোদ্ধা স্মৃতি জাদুঘর নির্মাণ এবং পাবত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে ৩০ লাখ টাকা ব্যয়ে অফিসাস ক্লাব ভবন নির্মাণ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পাবত্য মন্ত্রী বীর বাহাদুর এমপি বলেন, পার্বত্যবাসীর উন্নয়নে আন্তরিক সরকার। এই অঞ্চলের মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে সরকার। পার্বত্যাঞ্চলের দুর্গমাঞ্চলগুলোতে সেতু, রাস্তা-ঘাট, শিক্ষা-স্বাস্থ্য এবং ধর্মীয় প্রতিষ্ঠান যেখানে যা প্রয়োজন হচ্ছে সবই করা হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সদিচ্ছায়। পাহাড়ের মানুষ এখন আর আগের মত পিছিয়ে নেই, এগিয়ে যাচ্ছে শিক্ষা দীক্ষায়।
