কমলগঞ্জ উপজেলার ডানকান ব্রাদার্স আলীনগর চা বাগানে দিপালী রায় (৪০) নামে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত নারী বাগানের সন্তু রায়ের স্ত্রী। বৃহস্পতিবার দিবাগত রাতে চা বাগানের পাক্কা লাইন শ্রমিক বস্তির নিজ গৃহে এ ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আলীনগর চা বাগানের পাক্কা লাইন বস্তির তিন সন্তানের জননী নারী চা শ্রমিক দিপালী রায় খাওয়া-দাওয়া শেষে ঘুমাতে যান। ভোরে বিছানায় তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। ঘটনাটি জানাজানি হলে চা বাগান ব্যবস্থাপক ঘটনাস্থল পরিদর্শন করে থানা পুলিশকে অবহিত করেন।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে এটি একটি অস্বাভাবিক মৃত্যু মনে হচ্ছে। লাশের সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হবে।
