ছোটোদের সাফে প্রত্যাশিত শুরু বাংলাদেশের

আপডেট : ২৩ আগস্ট ২০১৯, ২১:৩৩

ভারতের কল্যাণীতে ছোটোদের সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের শুরুটাই ভালোই হয়েছে। গতকাল দুপুরে নিজেদের প্রথম খেলায় বাংলাদেশ ৫-২ গোলে ভুটানকে হারিয়ে সূচনা করেছে। ভুটান বাংলাদেশের ওপর আঘাত হেনেছিল। কিন্তু সেটি ছিল গোল হজম করে খেলায় ফিরে আসার আঘাত। বাংলাদেশ দুই বার গোল করে এগিয়ে যায়। ভুটান দুই গোল করে খেলায় ফিরে আসে। কিন্তু হার ঠেকাতে পারেনি ভুটান। শেষ পর্যন্ত অনূর্ধ্ব-১৫ সাফের ষষ্ঠ আসরে কাল বাংলাদেশ ৫-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে। প্রথমার্ধে ৩ গোল এবং বিরতির পর ২ গোল করে ম্যাচ তুলে নেয় বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ।

রবিবার বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ ফুটবল দল তাদের দ্বিতীয় ম্যাচ খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে।

খেলার ১৫ মিনিটে আল আমিনের গোলে এগিয়ে ছিল বাংলাদেশ ১-০। ১৭ মিনিটে ভুটানের সোনম চোজাং গোল ফিরিয়ে দেন ১-১। ২১ মিনিটে আল মিরাতের গোলে আবার এগিয়ে যায় বাংলাদেশ ২-১। উত্তেজনাকর খেলায় ৩২ মিনিটে আবার বাংলাদেশের জালে গোল করে পাপ দর্জি ভুটানকে সমতায় ফেরান ২-২। ৪৫ মিনিটে শুভ সরকারের গোলে এগিয়ে থেকে (৩-২) স্বস্তি নিয়ে প্রথমার্ধ শেষ করে বাংলাদেশ।

প্রথমার্ধে ভুটান যতটা শক্তিশালী রূপে আক্রমণ করেছিল, দ্বিতীয়ার্ধে ভুটানের সেই আক্রমণ দুর্বল করে দিয়েছেন বাংলাদেশের রাজু, অপূর্ব, নিঝুম, রাজিব, অধিনায়ক রাকিবুল, নাইম, বাবু, মিরাদরা। একতরফা খেলে বাংলার কিশোর ফুটবলাররা আরো দুই গোল করেন। ৮৩ মিনিটে আল মিরাত নিজের দ্বিতীয় গোল করেন ৪-২। আর ইনজুরি টাইমে রাজুর গোল বাংলাদেশ দলে স্বস্তিটা আরো বাড়িয়ে দেয় ৫-২। সাফে ৫ দেশ খেলছে লিগ পদ্ধতিতে খেলা হচ্ছে। সেরা দুই দল ফাইনাল খেলবে।