কলম্বোতে বৃষ্টির দাপট

আপডেট : ২৩ আগস্ট ২০১৯, ২১:৩৬

আগের দিন কলম্বো টেস্টে ৩৩.৩ ওভার খেলা হয়েছিল। গতকাল হলো আর ৩২.৩ ওভার। বৃষ্টিতে দুই দিন মিলিয়ে ৬৬ ওভারের বেশি খেলা হতে পারলো না। এই স্বল্প খেলাতেও অবশ্য বিপাকে আছে স্বাগতিক শ্রীলঙ্কা। অধিনায়ক দিমুথ করুণারত্নের ৬৫ রানের পরও ১৪৪ রান তুলতে তারা হারিয়েছে ৬ উইকেট।

শ্রীলঙ্কা কলম্বো টেস্ট শুরু করেছিল নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করার লক্ষ্যে। অবশ্য এই টেস্ট ড্র হলেও তারা ১-০ ব্যবধানে সিরিজ জিতবে। বিপরীতে নিউজিল্যান্ডের সামনে সিরিজ ড্র করার জন্য কলম্বোতে জয়ের কোনো বিকল্প ছিল না। কিন্তু বৃষ্টি সেটা হতে দেবে বলে মনে হচ্ছে না।

এই টেস্টে ব্যাটিং করতে গিয়ে শুরু থেকেই বিপাকে আছে শ্রীলঙ্কা। ২৯ রানেই হারিয়েছিল তারা প্রথম উইকেট। এরপর কুশল মেন্ডিসকে নিয়ে প্রাথমিক একটা বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করেছিলেন। কুশল ৩২ রান করে আগের দিন খেলার শেষ দিকে আউট হয়ে যান। গতকাল ২ উইকেটে ৮৫ রান নিয়ে দিন শুরু করে লঙ্কানরা।

অ্যাঞ্জোলো ম্যাথুস ও কুশল পেরেরা বেশি দূর যেতে পারেননি। ম্যাথুস ২ ও পেরেরা শূন্য রান করে ফেরেন। এরপর করুণারত্নেও ৬৫ রান করে ফিরে আসেন। ডিকওয়েলাকেও বিনা রানে হারায় শ্রীলঙ্কা। এখান থেকে দিলরুয়ান পেরেরাকে নিয়ে বাকি সময়টা পার করেন ধনঞ্জয় ডি সিলভা।

দিনশেষে ধনঞ্জয় ৩২ রানে অপরাজিত আছেন। পেরেরা ৫ রানে ব্যাট করছেন।