ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন শিক্ষার্থীদের র্যাগিং ও শৃঙ্খলাভঙ্গের দায়ে দুই বিভাগের ২৬ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে। একই ঘটনায় চার শিক্ষার্থীকে সতর্ক করা হয়েছে। এ ছাড়া যৌন হয়রানির অভিযোগে আরেক শিক্ষার্থীকে দুই সেমিস্টারের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
গত ১ নভেম্বর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ২৭৫তম সিন্ডিকেট সভায় এসব শাস্তিমূলক সিদ্ধান্ত নেওয়া হয়। গতকাল শনিবার ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক আতিকুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
বহিষ্কৃত ২৬ শিক্ষার্থীর মধ্যে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ১৭ জন। ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের র্যাগিংয়ের ঘটনায় তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের মধ্যে সানি নেহালী ও সানাউল করিমকে দুই বছরের জন্য এবং বাকি ১৫ শিক্ষার্থীকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।
অন্যদিকে, লোকপ্রশাসন বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থীকে মারধর ও অর্থ দাবির ঘটনায় ওই বিভাগের নয় শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। তাদের মধ্যে আল নাজিব মাহি, কাইয়ুম মোস্তফা, মোহাম্মদ আবদুল কাইয়ুম, তারিক জামান ও মোফাজ্জল হোসেনকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া মুজাহেদুল ইসলাম, সায়েম হাফিজ, আবদুল ফাত্তাহ ও নবী হোসেনকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। একই ঘটনায় আরও চার শিক্ষার্থীকে সতর্ক করা হয়েছে।
এ ছাড়া যৌন হয়রানির অভিযোগে ব্যবস্থাপনা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জিহাদুল করিমকে মাস্টার্সের দুই সেমিস্টারের জন্য সাময়িক বহিষ্কার করা হয়েছে।
জানা গেছে, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের নবীন শিক্ষার্থীদের ‘ম্যানার শেখানোর’ নামে দীর্ঘক্ষণ আটকে রাখা, মানসিক নির্যাতন, অপমানজনক কাজ করানো এবং গভীর রাত পর্যন্ত ক্যাম্পাসে বসিয়ে রাখার অভিযোগ ওঠে বহিষ্কৃত শিক্ষার্থীদের বিরুদ্ধে। এ ছাড়া এক নারী শিক্ষার্থীকে ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগও করেন ভুক্তভোগীরা। এসব ঘটনায় প্রায় ১৬ জন শিক্ষার্থী লিখিত অভিযোগ দেন। পরে বিভাগীয় তদন্তের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের অ্যান্টি র্যাগিং ভিজিল্যান্স কমিটির সভায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির সুপারিশের ভিত্তিতে ২৭৫তম সিন্ডিকেট সভায় ১৭ শিক্ষার্থীকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।
অন্যদিকে, লোকপ্রশাসন বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিরুদ্ধে সিনিয়রদের ‘ম্যানার শেখানোর’ নামে শ্রেণিকক্ষে হস্তক্ষেপ, মেসেঞ্জার গ্রুপ থেকে বাদ দিয়ে একাডেমিক তথ্য থেকে বঞ্চিত করা, ২৫ হাজার টাকা দাবি এবং মারধরের অভিযোগ ওঠে। এসব অভিযোগ তদন্ত করে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের বহিষ্কার ও সতর্ক করার সুপারিশ করা হয়।
ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী জিহাদুল করিমের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন, আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেল, অর্থ আদায়, ভুয়া পরিচয়পত্র ব্যবহার করে হোটেল বুকিং এবং গর্ভপাত করাতে বাধ্য করার অভিযোগ করেন এক ছাত্রী। এ ঘটনায় গঠিত তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে তাকে দুই সেমিস্টারের জন্য বহিষ্কারের সিদ্ধান্ত নেয় সিন্ডিকেট।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক আতিকুর রহমান গণমাধ্যমকে বলেন, ২৭৫তম সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্তগুলো চিঠি আকারে সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে পাঠানো হয়েছে।
