আইভী রহমানের মৃত্যুবার্ষিকী আজ

আপডেট : ২৩ আগস্ট ২০১৯, ২১:৩৯

বিশিষ্ট নারী নেত্রী ও আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক বেগম আইভী রহমানের ১৫তম মৃত্যুবার্ষিকী আজ। ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগ আয়োজিত সন্ত্রাসবিরোধী মিছিলপূর্ব শান্তি সমাবেশে বর্বরোচিত গ্রেনেড হামলায় আইভী রহমান গুরুতর আহত হন। সম্মিলিত সামরিক হাসপাতালে চার দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে ২৪ আগস্ট তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আইভী রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বিভিন্ন সংগঠন কর্মসূচি গ্রহণ করেছে। আওয়ামী লীগের কর্মসূচির মধ্যে রয়েছে সকাল সাড়ে ৮টায় বনানী কবরস্থানে তার কবর জিয়ারত, শ্রদ্ধাঞ্জলি নিবেদন, মিলাদ, দোয়া মাহফিল ও মোনাজাত। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ এবং সহযোগী সংগঠনসমূহের নেতৃবৃন্দ মরহুমার কবরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবেন। এছাড়া বাদ আসর আইভী কনকর্ড টাওয়ারে (বাড়ি-২২, সড়ক-১০৮, গুলশান-২) মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী এবং মরহুমার শুভার্থীদের শরিক হওয়ার জন্য পরিবারের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। বেলা ১১টায় বেইলি রোডে মহিলা সমিতির আইভী রহমান মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। বেগম আইভী রহমান মৃত্যুবার্ষিকী পালন কমিটির উদ্যোগে আয়োজিত এই আলোচনায় প্রধান অতিথি থাকবেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

প্রসঙ্গত, আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য এবং গণতান্ত্রিক, প্রগতিশীল ও অসাম্প্রদায়িক শক্তিকে ধ্বংস করার জন্যই বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার মাধ্যমে হত্যাযজ্ঞ চালানো হয়। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এই হামলায় প্রাণে বেঁচে গেলেও আইভী রহমানসহ দলের ২৪ জন নেতা-কর্মী মারা যান।