মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

সহকর্মীর বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ, দুই মাসেও মেলেনি প্রতিকার

আপডেট : ১৬ নভেম্বর ২০২৬, ১১:২৭

চাঁদপুরের মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইপিআই টেকনিশিয়ান ভাষান চন্দ্র কীর্তনীয়ার বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত, হুমকি ও অসদাচরণের অভিযোগ করেছেন একই প্রতিষ্ঠানের পরিবার পরিকল্পনা পরিদর্শিকা মাকসুদা আক্তার। অভিযোগের পর দুই মাসের বেশি সময় পেরিয়ে গেলেও তদন্ত প্রতিবেদন জমা না হওয়ায় প্রতিকার পাননি বলে দাবি করেছেন অভিযোগকারী। এতে হতাশা প্রকাশ করে তিনি অভিযুক্তের বিরুদ্ধে সুষ্ঠু বিচার দাবি করেছেন।

অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ২৪ সেপ্টেম্বর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজন কুমার দাস তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন। তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা থাকলেও নির্ধারিত সময় পেরিয়ে গেলেও প্রতিবেদন জমা হয়নি।

অভিযোগপত্র ও এ বিষয়ে দেওয়া মাকসুদা আক্তারের একটি ভিডিও বার্তা থেকে জানা যায়, তিনি নিয়মিত হিজাব পরেন এবং নামাজ আদায় করেন। তার অভিযোগ, হিজাব পরা ও নামাজ পড়া নিয়ে ইপিআই টেকনিশিয়ান ভাষান চন্দ্র কীর্তনীয়া বিভিন্ন সময় কটূক্তি করে তার ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন। এ ছাড়া তাকে হুমকি-ধমকি, ভয়ভীতি প্রদর্শন, চাকরি ছেড়ে চলে যেতে বলা এবং বিভিন্ন ধরনের গালমন্দ করা হয়েছে।

অভিযুক্তকে রক্ষায় তাকে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করে আপস-মীমাংসায় বাধ্য করার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেছেন মাকসুদা আক্তার।

অভিযোগকারীর দাবি, অভিযুক্ত ভাষান চন্দ্র কীর্তনীয়ার বিরুদ্ধে এর আগেও নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ রয়েছে। ২০২১ সালে করোনার টিকা বিক্রিসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে তিনি বরখাস্ত হয়েছিলেন। এ ছাড়া কর্মকর্তার স্বাক্ষর জাল ও ভুয়া স্মারক নম্বর ব্যবহার করে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগেও তার বিরুদ্ধে তদন্ত চলমান রয়েছে। ধর্মীয় অনুভূতিতে আঘাত ও ঊর্ধ্বতন সহকর্মীকে হুমকি দেওয়ার অভিযোগেও তদন্ত চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কয়েকজন কর্মী নাম প্রকাশ না করার শর্তে অভিযোগ করেন, অভিযুক্তকে রক্ষায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজন কুমার দাসের ভূমিকা রয়েছে। তাদের দাবি, বিভিন্ন সুবিধা ও একই গোষ্ঠীর হওয়ায় অভিযুক্তের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে।

এ বিষয়ে অভিযোগকারী মাকসুদা আক্তার বলেন, ‘অভিযোগ তুলে নিতে আমাকে বিভিন্নভাবে চাপ দেওয়া হচ্ছে। অভিযুক্ত ভাষান চন্দ্র কীর্তনীয়া এখনো আমাকে হুমকি-ধমকি দিচ্ছেন। আমি ধর্মীয় অনুভূতিতে আঘাতের ঘটনার সুষ্ঠু বিচার চাই।’

তিন কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা থাকলেও পৌনে দুই মাসেও তা জমা না হওয়ার কারণ জানতে চাইলে তদন্ত কমিটির প্রধান কনসালট্যান্ট (শিশু) ডা. ইসমাইল হোসেন কোনো উত্তর দেননি। প্রতিবেদন জমা না দিতে স্বাস্থ্য কর্মকর্তার পক্ষ থেকে কোনো চাপ রয়েছে কি না, সে বিষয়েও তিনি মন্তব্য করেননি।

অভিযোগের বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজন কুমার দাস বলেন, অভিযোগকারী ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ প্রত্যাহার করেননি। বরং অভিযুক্তের বিরুদ্ধে এখনো হয়রানির শিকার হচ্ছেন দাবি করে তিনি আবারও মৌখিক অভিযোগ দিয়েছেন।

তদন্ত প্রতিবেদন জমা না হওয়ার বিষয়ে তিনি বলেন, তদন্ত কমিটি এখনো প্রতিবেদন জমা দেয়নি। এমনকি দ্রুত প্রতিবেদন জমা দেওয়ার জন্য কমিটিকে কোনো তাগিদও দেননি বলে স্বীকার করেন তিনি। তবে স্পর্শকাতর বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করছেন বলে জানান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিচালনা কমিটির সদস্য ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি বলেন, ‘ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে তদন্ত কমিটি গঠন করার অর্থ হচ্ছে, স্বাস্থ্য কর্মকর্তা বিষয়টি আমলে নিয়েছেন। পরবর্তী অগ্রগতি কেন হয়নি, তা আমি এখনই দেখছি।’

ইত্তেফাক/এএইচপি