একবার চার্জে ৪০০ কিলোমিটার উড়বে বিশ্বের বৃহত্তম বৈদ্যুতিক বিমান

আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ১৯:৫৩

বিমান চলাচলের ইতিহাসে নতুন মাইলফলক অর্জন করেছে চীন। দেশটিতে তৈরি বিশ্বের সবচেয়ে বড় সম্পূর্ণ বৈদ্যুতিক পরিবহন বিমান সিই-২৫এ প্রথমবারের মতো পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন করেছে। জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানোর পাশাপাশি ভবিষ্যতের আকাশপথের পরিবহনব্যবস্থায় নতুন সম্ভাবনা তৈরি করতে পারে এই উড়োজাহাজ।

শনিবার (১৪ নভেম্বর) চীনের শানডং প্রদেশে বিমানটির প্রথম পাইলট চালিত পরীক্ষামূলক উড্ডয়ন অনুষ্ঠিত হয়। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান কমার্শিয়াল এয়ারক্রাফট করপোরেশন অব চায়না (কম্যাক) বিভিন্ন সহযোগী প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে এটি তৈরি করেছে। প্রকল্পে যুক্ত রয়েছে বিশ্বের অন্যতম বৃহৎ ব্যাটারি নির্মাতা প্রতিষ্ঠান সিএটিএল এবং সাংহাই জিয়াও টং বিশ্ববিদ্যালয়।

প্রকাশিত তথ্য অনুযায়ী, সিই-২৫এ বিমানের সর্বোচ্চ উড্ডয়ন ওজন ১০ টন। একবার চার্জে প্রায় ৪০০ কিলোমিটার পর্যন্ত উড়তে সক্ষম বিমানটি। এর ঘণ্টায় সর্বোচ্চ গতিবেগ প্রায় ৩০০ কিলোমিটার। বৈদ্যুতিক উড়োজাহাজের ক্ষেত্রে এই সক্ষমতাকে উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

বিমানটির অন্যতম লক্ষ্য হলো স্বল্প দূরত্বের যাত্রী ও পণ্য পরিবহন। প্রচলিত জ্বালানির পরিবর্তে সম্পূর্ণ বৈদ্যুতিক শক্তিতে চলায় এটি ভবিষ্যতে বিমান চলাচলে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমাতে ভূমিকা রাখতে পারে।

বিশ্লেষকদের মতে, এই প্রযুক্তির গুরুত্ব শুধু বেসামরিক বিমান চলাচলের মধ্যেই সীমাবদ্ধ নয়। বৈদ্যুতিক মোটর, ব্যাটারি ব্যবস্থাপনা, তাপ নিয়ন্ত্রণ এবং ফ্লাইট কন্ট্রোল প্রযুক্তিতে অর্জিত অভিজ্ঞতা ভবিষ্যতে সামরিক উড়োজাহাজ ও চালকবিহীন বিমানের উন্নয়নেও কাজে লাগতে পারে।

বিশেষ করে জ্বালানি সরবরাহে বিঘ্ন বা আন্তর্জাতিক সংকটের সময় বিকল্প শক্তিনির্ভর পরিবহনব্যবস্থা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। এ ধরনের প্রযুক্তি সামরিক সরবরাহ ও রসদ পরিবহনের ক্ষেত্রেও নতুন সম্ভাবনা তৈরি করতে পারে।

এ প্রকল্পে চীনের শক্তিশালী ব্যাটারি শিল্প বড় ভূমিকা রাখছে। সিএটিএলের অংশগ্রহণের ফলে উন্নত ব্যাটারি প্রযুক্তি ও বৃহৎ পরিসরে শক্তি সংরক্ষণের অভিজ্ঞতা কাজে লাগানোর সুযোগ পাচ্ছে নির্মাতারা।

সব মিলিয়ে, সিই-২৫এ-এর প্রথম উড্ডয়ন বৈদ্যুতিক বিমান প্রযুক্তিতে চীনের অগ্রযাত্রার একটি গুরুত্বপূর্ণ ধাপ। তবে বাণিজ্যিকভাবে এর ব্যবহার শুরু হতে আরও পরীক্ষা-নিরীক্ষা ও প্রযুক্তিগত উন্নয়নের প্রয়োজন হবে।

ইত্তেফাক/এবিএস