কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল দুই শিক্ষার্থীর

আপডেট : ২৩ আগস্ট ২০১৯, ২২:১৯

কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে গতকাল শুক্রবার দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এছাড়া গত বৃহস্পতিবার বিকাল থেকে গতকাল শুক্রবার বিকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় সড়ক দুর্ঘটনায় আট জন নিহত হয়েছেন। এরমধ্যে চট্টগ্রাম নগরীতে ট্রাক্টর ও অটোরিকশার সংঘর্ষে দুই জন ও টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় ট্রাক মাইক্রোবাসকে ধাক্কা দিলে দুই জন নিহত হন।

কুমিল্লা প্রতিনিধি জানান, কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে সেতু রায় (১৪) ও স্বপ্নীল হক আদিত্য (১৩) নামে দুই শিক্ষার্থী নিহত হয়েছে। নগরীর পুলিশ লাইন উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র আদিত্য উপজেলার শাসনগাছার মনিরুল হকের ছেলে। রেলওয়ে পাবলিক উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী সেতু ধর্মপুরের সুবল রায়ের মেয়ে। গতকাল ঢাকা-চট্টগ্রাম রেলপথের আদর্শ সদর উপজেলার বদরপুর এলাকায় ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী মহানগর প্রভাতী এক্সপ্রেস ট্রেনটি বদরপুর এলাকা অতিক্রম করার সময় এ দুর্ঘটনা ঘটে। দুপুরে মরদেহ দেখতে এসে কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়িতে স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. মিসবাহুল আলম চৌধুরী জানান, ময়নাতদন্তের জন্য দুই জনের মরদেহ সন্ধ্যায় কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের       মর্গে প্রেরণ করা হয়েছে। শনিবার তাদের ময়নাতদন্ত হওয়ার পর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

টাঙ্গাইল প্রতিনিধি জানান, গতকাল সকালে দেলদুয়ার উপজেলার ডুবাইলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দুর্ঘটনায় নিহত দুই জন হলেন—পাবনার আটঘরিয়ার ইউপির সাবেক সদস্য আবদুল কাদের এবং আবদুর রাজ্জাক। পাবনা থেকে গাজীপুরের কালিয়াকৈরে যাচ্ছিল মাইক্রোবাসটি। পথে ট্রাক ধাক্কা দিলে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে গেলে দুই জন মারা যান। আহত হন চার জন।

চট্টগ্রাম অফিস জানায়, নগরীর চান্দগাঁও থানাধীন কাপ্তাই রাস্তার মাথা এলাকায় সড়ক দুর্ঘটনায় কুয়াইশ বড়ো পুকুর পাড় এলাকার মো. শরিফের ছেলে সুমন (২২) ও ব্যাটারি গলির আবেদ আলীর পুত্র মো. আনিছ (৩৩) নামে দুই জন নিহত হয়েছেন। ট্রাক্টর ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিলে তাদের মৃত্যু হয়।

দেবীগঞ্জ (পঞ্চগড়) সংবাদদাতা জানান, উপজেলা নির্বাহী অফিসের অফিস সহকারী ওসিমউদ্দীন (৫৯) গত  বৃহস্পতিবার রাত ৯টার দিকে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। মোটরসাইকেল যোগে বোদা থেকে ফেরার পথে দেবীগঞ্জের লক্ষ্মীরহাট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদাতা জানান, গতকাল রাস্তায় পড়ে থাকা বোতলের ওপর সাইকেলের চাকা উঠে নিয়ন্ত্রণ হারিয়ে ঈশ্বরগঞ্জে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। নিহত ছাত্র উপজেলার চর শিহারি গ্রামের কামালউদ্দিনের  পুত্র বাবু (১৫) বিশ্বেশ্বরী উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা জানান, গতকাল বড়াইগ্রামে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে জয় কুমার (৩২) নামে এক ট্রাকের হেলপার নিহত হয়েছেন। উপজেলার কাছুটিয়া খেজুরতলা এলাকায় নাটোর-পাবনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। জয় কুষ্টিয়ার ভেড়ামারার বরুণ কুমারের ছেলে।

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা জানান, গতকাল উপজেলায় সড়ক দুর্ঘটনায় ওমর ফারুক নামে এক পথচারী নিহত হয়েছেন। উপজেলার গাইবান্ধা-ধুবনী আঞ্চলিক সড়কের মাঠেরহাটে এ ঘটনা ঘটে। ওমর ফারুক গাইবান্ধা সদর উপজেলার কিশামত মালিবাড়ি গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে।