রাজধানীর কাফরুলের পর এবার মিরপুর-১২ নম্বরে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশ ও বিজিবির সংঘর্ষ হয়েছে। এ সময় শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।
বুধবার (১৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, দুপুর পৌনে ১২টার দিকে মিরপুর-১২ নম্বরে জড়ো হয়ে সড়ক অবরোধের চেষ্টা করেন পোশাক শ্রমিকরা। তাদের সড়ক থেকে সরিয়ে দিতে গেলে পুলিশ ও বিজিবির সঙ্গে সংঘর্ষ বাধে। শ্রমিকরা পুলিশ ও বিজিবিকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। জবাবে পুলিশ প্রায় ১০ থেকে ১২টি সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনাও ঘটে।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দীন বলেন, সকাল সাড়ে ১১টার পর পোশাক শ্রমিকরা মিরপুর-১১ মেট্রোস্টেশন এলাকায় জড়ো হতে থাকেন। পরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে করতে তারা মিরপুর-১২ নম্বরে যান। এ সময় তাদের সড়ক থেকে সরিয়ে দিতে গেলে পুলিশের ওপর হামলা চালান শ্রমিকরা।
মিরপুর বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার (এডিসি) জাহিদ হাসান বলেন, মাইকিং করে শ্রমিকদের সড়ক অবরোধ না করার সতর্কবার্তা দেওয়া হয়। কিন্তু তারা তা না মেনে উল্টো ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। সেখানে প্রায় ৩০০ থেকে ৪০০ শ্রমিক জড়ো হয়েছিলেন। পরে পুলিশ তাদের সরিয়ে দেয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
এর আগে সকালে কাফরুলে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। কয়েকজন নারী শ্রমিককে লাঞ্ছিত করার অভিযোগকে কেন্দ্র করে এ পরিস্থিতির সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ প্রায় ১০টি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এর আগে বিএনপি নেতাকর্মীদের সঙ্গেও পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।
