সাতক্ষীরা সীমান্তে বিএসএফের গুলিতে ৫ বাংলাদেশি আহত

আপডেট : ২৩ আগস্ট ২০১৯, ২২:২১

সাতক্ষীরার কালিয়ানি সীমান্তের বিপরীতে ভারতের দুবলি এলাকায় বিএসএফএর গুলিতে কমপক্ষে পাঁচ বাংলাদেশি আহত হয়েছেন। এ সময় কয়েকটি গরুর গায়েও গুলি লাগে। তবে বিএসএফএর উদ্ধৃতি দিয়ে বিজিবির সাতক্ষীরার ৩৩ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল গোলাম মহিউদ্দিন খোন্দকার জানান, তারা কোনো গুলি ছোড়েনি। গরু পাচারকারীদের ধাওয়া করে কয়েক জনকে আটক করে তারা। তারা ভারতীয় না বাংলাদেশি তা তিনি নিশ্চিত করতে পারেন নি।

এলাকাবাসী জানান, ভারত থেকে গরু আনতে এক দল বাংলাদেশি রাখাল চোরাপথে বৃহস্পতিবার ভারতের দুবলি এলাকায় যায়। ভোরে গরু নিয়ে ফেরার পথে বিএসএফ তাদের লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এ সময় আহত হন সাতক্ষীরার কুশখালির মফিজুল ইসলাম, হায়দর আলি, আজিবর রহমান, আমিনুল ইসলাম ও পুটের জামাতা। তারা সবাই দেশে ফিরে এলেও আহত আরো কয়েক জনের খোঁজ পাওয়া যায়নি। গ্রামবাসী আরো জানান, ১১২টি ভারতীয় গরু আনা হয় কুশখালি খাটালে। অনেকগুলো গরুর দেহে গুলির ছাররা রয়েছে।

এ ব্যাপারে বিজিবির ৩৩ ব্যাটালিয়ন অধিনায়ক জানান, গুলিবর্ষণের বিষয়টি অস্বীকার করেছে দুবলি বিএসএফ সদস্যরা। তবে গরু পাচারকালে কয়েক জনকে আটক এবং অন্যদের ধাওয়া করা হয় বলে তারা জানায়।