কেরানীগঞ্জে বুড়িগঙ্গা নদী থেকে পুলিশ বৃহস্পতিবার রাতে অজ্ঞাতনামা এক যুবকের (২৫) লাশ উদ্ধার করেছে। সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিক্যাল মর্গে পাঠিয়েছে পুলিশ। কেরানীগঞ্জ মডেল থানার ওসি শাকের মোহাম্মদ যুবায়ের জানান, নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি। শুক্রবার সকালে পুলিশ বাদী হয়ে থানায় অপমৃত্যু মামলা দায়ের করেছে। নিহত যুবকের পরিচয় উদ্ঘাটনের চেষ্টা চলছে।
আড়াইহাজারে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা জানান, আড়াইহাজার উপজেলার খাগকান্দা ইউনিয়নের নয়নাবাদ গ্রামের একটি আমগাছের ডালের সাথে ঝুলন্ত অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করা হয়। নিহত মঞ্জুর হোসেন (৩০) ঐ গ্রামের রেশমত আলীর ছেলে। তিনি পাওয়ারলুম শ্রমিক ছিলেন।
পুলিশ ও এলাকাবাসী জানায়, আগের দিন রাতে মঞ্জুর হোসেনের সঙ্গে তার স্ত্রী সুমী আক্তারের পারিবারিক বিষয় নিয়ে ঝগড়াবিবাদ হয়। এরপর বৃহস্পতিবার সকালে বাড়ির পাশের একটি আমগাছের ডালের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয়।
