অন্যায়-অবিচার থেকে মানবজাতিকে রক্ষা করতে মহামানবদের আবির্ভাব ---------- মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

আপডেট : ২৪ আগস্ট ২০১৯, ০০:১৯

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, অন্যায়-অবিচার থেকে মানবজাতিকে রক্ষা করতে যুগে যুগে মহামানবগণ পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন। দ্বাপরযুগে যুগাবতার শ্রীকৃষ্ণ দুষ্টের দমন শিষ্টের পালন এবং অধার্মিকদের হাত থেকে ধর্মরক্ষা করার জন্য ধরাধামে আবির্ভূত হয়েছেন। শ্রীকৃষ্ণের প্রদর্শিত পথ ধরে তেমনি মানবজাতিকে অন্যায়-অবিচার ও অধর্মের হাত থেকে পরিত্রাণ পেতে সংগ্রাম করতে হবে। তিনি বলেন, বাংলাদেশে চমত্কার ধর্মীয় সম্প্রীতি বিরাজ করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব ধর্মের প্রতি সমআচরণে বিশ্বাসী হয়ে দেশ পরিচালনা করছেন।

মন্ত্রী শুক্রবার বিকালে গাজীপুর শহরের রাজবাড়ী মাঠে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষ্যে সম্মিলিতভাবে জন্মাষ্টমী শোভাযাত্রা—পূর্ব অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এসব কথা বলেন। অ্যাডভোকেট সুদীপ কুমার চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মো. আজাদ মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার নন্দিতা মালাকার, অ্যাডভোকেট ওয়াজউদ্দিন মিয়া, অধ্যক্ষ মুকুল কুমার মল্লিক, মনীন্দ্র চন্দ্র মন্ডল, জীবন কুমার মল্লিক প্রমুখ।

পরে মন্ত্রী সম্মিলিত জন্মাষ্টমী শোভাযাত্রার শুভ উদ্বোধন করেন। এর আগে সকালে হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের মন্দিরভিত্তিক শিক্ষা কার্যক্রমের উদ্যোগে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষ্যে আলোচনা সভা ও শোভাযাত্রার আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবু নাসার উদ্দিন, মুকুল কুমার মল্লিক, সুদীপ কুমার চক্রবর্তী, শাকেরুনেছা মুনা প্রমুখ।