তারেক রহমানের জন্মদিনে ৬২ হাজার নিমের চারা বিতরণ করলেন মীর শাহে আলম

আপডেট : ২০ নভেম্বর ২০২৬, ১৫:৫৭

প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা উপজেলার শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে ৬২ হাজার নিমগাছের চারা ও পানির মগ বিতরণ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

পরিবেশ সুরক্ষা, বৃক্ষরোপণে উৎসাহ সৃষ্টি এবং শিক্ষার্থীদের পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তুলতে শুক্রবার (২০ নভেম্বর) এ কর্মসূচির আয়োজন করা হয়।

সকাল ১০টায় মোকামতলা হাইস্কুল মাঠে এবং বেলা ১১টায় শিবগঞ্জ হাইস্কুল মাঠে পৃথক অনুষ্ঠানের মাধ্যমে কর্মসূচি পালন করা হয়। এতে দুই উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন। অনুষ্ঠানে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর হাতে একটি করে নিমগাছের চারা ও পানির মগ তুলে দেওয়া হয়। বাকি ৫৭ হাজার চারা ও মগ আগামী রোববার সব শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছে দেওয়া হবে।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, বগুড়ার কৃতী সন্তানের জন্মদিনে শিক্ষার্থীদের হাতে একটি করে বৃক্ষ ও বিশুদ্ধ পানি পান করার মগ তুলে দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে প্রত্যেকের বাড়িতে একটি করে গাছের চারা লাগানোর আহ্বান জানান তিনি। একই সঙ্গে ভালো কাজের সঙ্গে থাকা এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্ব দেন।

পরিবেশ রক্ষা ও সুন্দর সমাজ গঠনে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, শিক্ষার্থীরা শুধু গাছের চারা গ্রহণ করবে না, বরং সেগুলোর যত্ন নিয়ে বড় করার দায়িত্বও পালন করবে।

আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড ও সাম্প্রতিক সহিংসতা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, আওয়ামী লীগ একটি নিষিদ্ধ সংগঠন। সহিংসতার মাধ্যমে তারা আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠনের মতো আচরণ করছে বলে নিজেরাই প্রমাণ করেছে। সরকার এখনো সহনশীল আচরণ করছে, তবে এটিকে দুর্বলতা ভাবার সুযোগ নেই। দেশের মানুষকে নিরাপদ রাখতে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে কয়েকজন সহিংস কর্মকাণ্ডে জড়ানোর চেষ্টা করছেন। সহিংসতা ও নাশকতায় জড়িতদের কারাগারে যেতে হবে। পলাতক আওয়ামী লীগকে বাংলাদেশের মাটিতে পুনরুত্থান হতে দেওয়া যাবে না বলেও মন্তব্য করেন তিনি। এ ক্ষেত্রে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিহত করার আহ্বান জানান প্রতিমন্ত্রী।

গোপালগঞ্জের সহিংসতার প্রসঙ্গ টেনে মীর শাহে আলম বলেন, সেখানে দুটি থানা পুড়িয়ে দেওয়া হয়েছে, সংসদ সদস্যের বাড়িতে আগুন দেওয়া হয়েছে, তিনজন নেতাকর্মীকে হত্যা করা হয়েছে এবং ট্রাকে আগুন দিয়ে চালককে হত্যা করা হয়েছে। এ ধরনের সহিংসতা করে বিপুল জনসমর্থন নিয়ে ক্ষমতায় আসা বিএনপি সরকারকে হটানো সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি। দেশের মানুষের শান্তি ও অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে বলেও জানান প্রতিমন্ত্রী।

প্রধানমন্ত্রী তারেক রহমানকে গণমানুষের নেতা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, দেশের উন্নয়নে প্রধানমন্ত্রী নানা পরিকল্পনা গ্রহণ করছেন। দেশের ক্রান্তিলগ্নে জিয়া পরিবার সবসময় এগিয়ে এসেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পর বেগম খালেদা জিয়া এবং এখন তারেক রহমান দেশের দায়িত্ব নিয়েছেন। তারা দেশের মানুষের কথা ভাবেন এবং দিনরাত কাজ করেন। বগুড়ার সন্তান হিসেবে প্রধানমন্ত্রীকে নিয়ে গর্ব প্রকাশ করে তার পাশে থাকার ও সমর্থন দেওয়ার আহ্বান জানান তিনি।

তরুণ প্রজন্মকে খেলাধুলায় সম্পৃক্ত রাখতে প্রতি উপজেলায় ইনডোর স্টেডিয়াম নির্মাণ করা হচ্ছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, নতুন প্রজন্মকে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে যুক্ত করতে হবে। সুস্থ ও মেধাবী প্রজন্ম গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই।

মোকামতলাসহ নতুন তিনটি পৌরসভাকে মডেল পৌরসভা হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রীর অনুশাসন জারি হয়েছে বলেও জানান তিনি। ডিজিটাল মাস্টারপ্ল্যানের মাধ্যমে এসব পৌরসভাকে পরিকল্পিতভাবে সাজানো হবে। নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধি, উন্নত যোগাযোগব্যবস্থা, পানি নিষ্কাশন ও আধুনিক নগরসেবা নিশ্চিত করতে উন্নয়ন কার্যক্রম নেওয়া হবে।

প্রতিমন্ত্রী জানান, আগামী ৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ার মোকামতলা হাইস্কুল মাঠে আসবেন। সেখানে তিনি মোকামতলা উপজেলা, থানা ও পৌরসভার উদ্বোধন করবেন। একই সফরে মোকামতলা-কালাই-জয়পুরহাট ও হিলি ছয় লেন সড়ক নির্মাণকাজেরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/এমএএম