বগুড়ায় গ্রামীণ ব্যাংকের ফটকে পেট্রোল বোমা নিক্ষেপ

আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ১৬:৫০

বগুড়ার কাহালু উপজেলার মালঞ্চায় অবস্থিত গ্রামীণ ব্যাংকের শাখায় ৩টি পেট্রোল বোমা নিক্ষেপ করে  বিস্ফোরণ ঘটানো হয়েছে। তবে এ ঘটনায় ব্যাংকের কোনো ক্ষতি হয়নি বলে জানা যায় ।

শনিবার (২১ নভেম্বর) কাহালু থানার ওসি মো. শফিকুল ইসলাম এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার রাত আনুমানিক সাড়ে ১০টা দিকে এই ঘটনা ঘটে।

জানা গেছে, শুক্রবার অজ্ঞাত ব্যক্তিরা ব্যাংকের সাইনবোর্ডসহ মূল ফটককে লক্ষ্য করে পরপর ৩টি পেট্রোল বোমা নিক্ষেপ করে। মুহূর্তেই সেগুলো বিকট শব্দে বিস্ফোরিত হয়। তবে বিস্ফোরণের পর পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ সময় সেখানে আগুন ধরে গেলে ব্যাংকের দায়িত্বরত নাইট গার্ড তাৎক্ষণিকভাবে পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলেন। এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

কাহালু থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, খবর পেয়েই ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। আমি নিজেও ঘটনাস্থলে গিয়েছি। বিস্ফোরিত পেট্রোল বোমার কিছু আলামত উদ্ধার করা হয়েছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

 

ইত্তেফাক/এপি