স্যান্ডপেপারগেট কেলেঙ্কারি

‘পুরো অস্ট্রেলিয়া দলটাই প্রতারক, ম্যাচ ফিক্সিংয়ের চেয়েও বড় অপরাধ করেছে তারা’

আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ১৭:১২

অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসের অন্যতম কলঙ্কিত অধ্যায় ‘স্যান্ডপেপার গেট’ কেলেঙ্কারি। ৮ বছর আগের সেই ঘটনা নতুন করে উস্কে দিয়েছেন উসমান খাজা। সম্প্রতি প্রকাশিত তার আত্মজীবনীতে উঠে এসেছে এক বিস্ফোরক দাবি। 

২০১৮ সালে কেপটাউন টেস্টে বল টেম্পারিংয়ের ঘটনায় ৩ জন শাস্তি পেলেও, খাজার দাবি- বল বিকৃতির এই গোপন পরিকল্পনা সম্পর্কে আসলে দলের সব খেলোয়াড়ই আগে থেকে জানতেন। ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার জিওফ্রে বয়কটের মতে অস্ট্রেলিয়া দল যা করেছে, তা ম্যাচ ফিক্সিংয়ের চেয়ে কোনো অংশে কম নয়।

বিতর্কের সূত্রপাত খাজার সদ্য প্রকাশিত আত্মজীবনী ‘সবর’ থেকে। প্রকাশিত বইটিতে ২০১৮ সালের দক্ষিণ আফ্রিকা সফরের সেই বল বিকৃতির ঘটনা নিয়ে নতুন দাবি তুলেছেন অস্ট্রেলিয়ার সাবেক এই ওপেনার। তার বক্তব্য, কেপটাউন টেস্টে স্যান্ডপেপার দিয়ে বল বিকৃতির পরিকল্পনা সম্পর্কে দলের সবাই জানতেন। শুধু স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফটের ওপর দায় চাপিয়ে দেওয়াটা ঠিক হয়নি।

আত্মজীবনী প্রকাশের পর কেউ খাজার পক্ষে দাঁড়িয়েছেন, কেউ আবার তাকে ধুয়ে দিয়েছেন। বয়কট স্যান্ডপেপার গেট কেলেঙ্কারির ঘটনায় পুরো অস্ট্রেলিয়াকেই দায়ী করেছেন। ‘দ্য টেলিগ্রাফে’ এক কলামে তিনি লিখেছেন, ‘ক্রিকেট ইতিহাসে আমি যা কিছু পড়েছি বা দেখেছি, তার মধ্যে এটা সবচেয়ে বড় ঘটনা। পুরো একটা দল প্রতারণা করেছে। স্যান্ডপেপার গেট কেলেঙ্কারি ম্যাচ ফিক্সিংয়ের চেয়েও বড় অপরাধ।’

Cricket Australia will not open another investigation into 'sandpapergate'  | Cricket | Al Jazeera

২০০০ সালে ভারতের বিপক্ষে এক সিরিজে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ উঠেছিল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। তখন প্রোটিয়া অধিনায়ক ছিলেন হ্যানসি ক্রোনিয়ে। ঘটনা প্রমাণিত হওয়ার পর তাকে ক্রিকেট থেকেই পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছিল। বয়কট স্যান্ডপেপার গেট কেলেঙ্কারির ঘটনার বিবরণ দিতে গিয়ে উল্লেখ করেছেন ক্রোনিয়ের কথাও। 

ইংল্যান্ডের বিখ্যাত ক্রিকেট বিশ্লেষক লিখেছেন, ‘২৫ বছরেরও বেশি সময় আগে দক্ষিণ আফ্রিকার ক্রিকেটকে তছনছ করে দিয়েছিল ক্রনিয়ের ম্যাচ ফিক্সিংয়ের ঘটনা। ক্রনিয়ে সেখানে মূলত কয়েকজন জুনিয়র ক্রিকেটারকে যুক্ত করেছিল। কিন্তু স্যান্ডপেপার কাণ্ডে পুরো অস্ট্রেলিয়া দলই জড়িত ছিল। ক্রিকেটার, কোচ—সবাই এটার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিল। সবাই মিলে প্রতারণার পরিকল্পনা করেছিল। অথচ ঘটনাটি ধামাচাপা দিতে কেবল তিন ক্রিকেটারকে সমস্ত দোষ নিজেদের কাঁধে নিতে হয়।’

ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার জিওফ্রে বয়কট

বয়কটের মতে ক্রোনিয়ে যেভাবে আজীবন নিষিদ্ধ হয়েছিলেন, স্মিথের ক্ষেত্রেও তেমনটাই হওয়া উচিত ছিল। তিনি লিখেছেন, ‘‘ওয়ার্নার যখন স্যান্ডপেপার ব্যবহারের প্রস্তাব দিয়েছিল, অধিনায়ক হিসেবে তখনই স্মিথের বিষয়টা বন্ধ করে দেওয়া উচিত ছিল। স্মিথ বলল, ‘আমি এ বিষয়ে কিছু জানতে চাই না’। অথচ এরপরও ঘটনাটি ঘটতে দিয়েছে এবং প্রতারণা করে বাড়তি সুবিধা গ্রহণ করেছে। আর মনে করেছে, এভাবে সে কোনো না কোনোভাবে নিজেকে ঘটনার দায় থেকে মুক্ত রাখতে পারবে। বিষয়টা সত্যিই বিস্ময়কর। ইতিহাস কখনো স্মিথকে ক্ষমা করবে না। অধিনায়ক হিসেবে সে নিজের দায়িত্ব পালনে চরমভাবে ব্যর্থ।’

ইত্তেফাক/জেডএইচ