তথ্য সংগ্রহে গিয়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে পুলিশ সদস্য নিহত, দৌড়ে বাঁচলেন এএসআই

আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ০৩:১৩

নারায়ণগঞ্জের ফতুল্লায় সাদা পোশাকে গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে গিয়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আনোয়ার হোসেন নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। হামলাকারীদের ধাওয়া খেয়ে তার সঙ্গে থাকা সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুস সাত্তার দৌড়ে প্রাণে বাঁচলেও আনোয়ারকে ধরে বুকে ছুরিকাঘাত করে হত্যা করে দুর্বৃত্তরা।

রোববার (২২ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ফতুল্লার কাশীপুর ইউনিয়নের হাশেমবাগ এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত আনোয়ার হোসেন (৩২) সদর মডেল থানাধীন শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। 

নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

তিনি জানান, এএসআই আব্দুস সাত্তার ও কনস্টেবল আনোয়ার হোসেন সাদা পোশাকে ওই এলাকায় গোয়েন্দা তথ্য সংগ্রহের কাজে গিয়েছিলেন। সেখানে কয়েকজন তাদের ওপর হামলা চালায়। হামলাকারীদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন আনোয়ার। পরে তিনি মারা যান।

হামলার সময় এএসআই আব্দুস সাত্তার দৌড়ে ঘটনাস্থল থেকে সরে গিয়ে প্রাণ রক্ষা করেন। তবে তিনি কোনো ধরনের আঘাত পেয়েছেন কি না, কিংবা তার শারীরিক অবস্থা কেমন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হামলাকারীদের শনাক্ত ও ঘটনার কারণ অনুসন্ধানে কাজ শুরু করে। রাত সাড়ে ১১টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, তারা ঘটনাস্থলে অবস্থান করছেন। হামলাকারীদের পরিচয় শনাক্ত করে জড়িতদের আটকের চেষ্টা চলছে।

পুলিশ সূত্রে জানা গেছে, হাশেমবাগ এলাকায় মাদক কারবারের একাধিক স্পট রয়েছে। এসব স্থানে অতীতেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালিয়ে মাদক উদ্ধার ও সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেপ্তার করেছে। পুলিশ ধারণা করছে, কনস্টেবল আনোয়ারের ওপর হামলার পেছনে মাদক কারবারিদের কোনো চক্র জড়িত থাকতে পারে। হামলার কারণ ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে।

এর আগে চলতি বছরের মে মাসেও একই এলাকায় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। এক অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে লুটপাটের ঘটনায় তদন্ত করতে গিয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ পাঁচজনকে আটক করেছিল। পরে আটক ব্যক্তিদের সহযোগীরা পুলিশের ওপর হামলা চালিয়ে তাদের ছিনিয়ে নিয়ে যায়। ওই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মাদক কারবার ও কিশোর গ্যাংয়েরসঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ ছিল পুলিশের।

ইত্তেফাক/এমএস