‘শুধু কেপটাউন নয়, ডারবানেও বল বিকৃতি হয়েছিল’— দাবি ডি ভিলিয়ার্সের

আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ১৩:০০

অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসের অন্যতম কলঙ্কিত অধ্যায় ‘স্যান্ডপেপার গেট’ কেলেঙ্কারি। ৮ বছর আগের সেই ঘটনা নতুন করে উস্কে দিয়েছেন উসমান খাজা। সম্প্রতি প্রকাশিত তার আত্মজীবনীতে উঠে এসেছে এক বিস্ফোরক দাবি। 

২০১৮ সালে কেপটাউন টেস্টে বল টেম্পারিংয়ের ঘটনায় ৩ জন শাস্তি পেলেও, খাজার দাবি- বল বিকৃতির এই গোপন পরিকল্পনা সম্পর্কে আসলে দলের সব খেলোয়াড়ই আগে থেকে জানতেন। এবার সেই বিতর্কে নতুন মাত্রা যোগ করেছেন দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স। শুধু কেপটাউন নয়, সেই সিরিজের ডারবানেও বল বিকৃতি হয়েছিল বলে মনে করেন তিনি। 

বিতর্কের সূত্রপাত খাজার সদ্য প্রকাশিত আত্মজীবনী ‘সবর’ থেকে। প্রকাশিত বইটিতে ২০১৮ সালের দক্ষিণ আফ্রিকা সফরের সেই বল বিকৃতির ঘটনা নিয়ে নতুন দাবি তুলেছেন অস্ট্রেলিয়ার সাবেক এই ওপেনার। তার বক্তব্য, কেপটাউন টেস্টে স্যান্ডপেপার দিয়ে বল বিকৃতির পরিকল্পনা সম্পর্কে দলের সবাই জানতেন। শুধু স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফটের ওপর দায় চাপিয়ে দেওয়াটা ঠিক হয়নি।

এ দিকে নিজের ইউটিউব চ্যানেলে ডি ভিলিয়ার্স বলেছেন, বল বিকৃতির ঘটনা যে শুধু কেপটাউনে ঘটেনি, সে ব্যাপারে তার কোনো সন্দেহ নেই।

ডি ভিলিয়ার্স বলেন, ‘আমি দেখছি, সবাই কমবেশি স্বীকার করছে, পোর্ট এলিজাবেথেও এমন ঘটনা ঘটেছিল। আমি আপনাদের নিশ্চিত করে বলতে পারি, ডারবানেও এর ব্যতিক্রম হয়নি। চাইলে সেই ম্যাচের ভিডিও ফুটেজ দেখে নিতে পারেন। আমার মনে এ নিয়ে বিন্দুমাত্র সন্দেহ নেই।’

Cricket Australia will not open another investigation into 'sandpapergate'  | Cricket | Al Jazeera

তিনি আরও বলেন, ‘আমরা ডারবানে প্রথম টেস্টে হেরেছিলাম। সেখানে খুব অদ্ভুত একটা সময়ে বল রিভার্স সুইং করছিল। কিংসমিডে এত দ্রুত বলের রিভার্স সুইং করার কথা নয়। বিশ্বাস করুন, সেখানে আমি অনেক ক্রিকেট খেলেছি।’

অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের মধ্যে কে স্যান্ডপেপার ব্যবহারের কথা জানতেন, আর কে জানতেন না, সাম্প্রতিক বিতর্কের বড় অংশজুড়েই রয়েছে এই প্রশ্ন। কিন্তু ডি ভিলিয়ার্সের কাছে মূল বিষয়টি আরও গভীর। তার মতে, কোন বস্তু ব্যবহার করা হয়েছিল, তার চেয়েও গুরুত্বপূর্ণ হলো পরিকল্পনা করে অবৈধ কাজ করার সিদ্ধান্ত নেওয়া।

ডি ভিলিয়ার্স বলেন, ‘অদ্ভুত ব্যাপার হলো, সবাই এখন স্যান্ডপেপার নিয়ে কথা বলছে। কে স্যান্ডপেপারের কথা জানত, কে জানত না, সেটিই যেন বড় প্রশ্ন। কিন্তু দিনের শেষে সবাই জানত, তারা সীমা অতিক্রম করতে যাচ্ছে এবং অবৈধ কিছু করতে যাচ্ছে। আসল বিষয়টি সবাই এড়িয়ে যাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘বল বিকৃত করতে কোন বস্তু ব্যবহার করা হয়েছিল, তা নিয়ে আমরা এত চিন্তিত কেন? আসল ব্যাপার হলো, মাঠে অবৈধ কিছু করার সিদ্ধান্ত আগে থেকেই পরিকল্পনা করে নেওয়া হয়েছিল।’

এই পরিকল্পনা সম্পর্কে অস্ট্রেলিয়া দলের সবাই অবগত ছিলেন দাবি করে ডি ভিলিয়ার্স বলেন, ‘প্রত্যেকেই বিষয়টি জানত। এ নিয়ে আমার বিন্দুমাত্র সন্দেহ নেই।’

দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স

তবে নতুন করে তৈরি হওয়া বিতর্কে নির্দিষ্ট কোনো ক্রিকেটারের বিরুদ্ধে অবস্থান নিতে চান না জানিয়ে তিনি বলেন, ‘আমি এখানে কাউকে বিপদে ফেলতে আসিনি। কে ঠিক আর কে ভুল, সেটিও বলতে চাই না। তবে কয়েকটি বিষয়ে আমার নিজস্ব দৃঢ় মতামত আছে, যা হয়তো এখানে তুলে ধরব।’

স্যান্ডপেপার-কাণ্ডে জড়িত খেলোয়াড়দের বর্তমান পরিস্থিতি নিয়েও সহানুভূতি জানিয়েছেন ডি ভিলিয়ার্স বলেন, ‘বিষয়টি এখন সংশ্লিষ্ট সবার জন্য খুব ব্যক্তিগত হয়ে উঠেছে। তাঁদের প্রতি আমার সহানুভূতি আছে। তবে সেদিন যা ঘটেছিল, তার প্রতি কোনো সহানুভূতি নেই। আর কে জানে, তার আগে আরও কত ম্যাচে এমন ঘটনা ঘটেছে!’

ইত্তেফাক/জেডএইচ