সেঞ্চুরিয়ন টেস্টে বৃষ্টির বাগড়া, টস হতে দেরি

আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ১৪:০০

জোহানেসবার্গের পর সেঞ্চুরিয়নে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। তবে ম্যাচ শুরুর আগেই বাগড়া দিয়েছে বৃষ্টি। ফলে টসও হতে দেরি হচ্ছে।

সোমবার (২৩ নভেম্বর) বাংলাদেশ সময় বেলা দুইটায় ম্যাচ শুরু হওয়ার কথা। তার আধঘণ্টা আগে টস হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে তা সম্ভব হয়নি। মাঠের মূল উইকেট এলাকা ও বোলারদের রানআপ ঢেকে রেখেছেন মাঠকর্মীরা।

এর মধ্যেই ছাতা মাথায় মাঠে নেমেছেন আম্পায়াররা। ঘুরে ঘুরে মাঠের অবস্থা পর্যবেক্ষণ করছেন তারা। বৃষ্টি থামার পর মাঠ খেলার উপযোগী হতে কতটা সময় লাগবে, সেটি পর্যবেক্ষণ করবেন তারা। ফলে ম্যাচ শুরু হতে কতক্ষণ দেরি হবে, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।

জোহানেসবার্গে সিরিজের প্রথম টেস্টে ৯ উইকেটে হেরেছে বাংলাদেশ। দুই ম্যাচের সিরিজে ১–০ ব্যবধানে পিছিয়ে থাকা নাজমুল হোসেন শান্তর দলের সামনে সেঞ্চুরিয়নে সিরিজ হার এড়ানোর চ্যালেঞ্জ।

ইত্তেফাক/জেডএইচ