অবশেষে স্বামী ও সন্তানের সঙ্গী হলেন কক্সবাজারের রামুর দক্ষিণ মিঠাছড়ি রেলক্রসিং দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন তানিয়া সুলতানা (২০)। এতে এই দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচজনে। নিহতরা সবাই একই পরিবারের সদস্য ছিলেন।
সোমবার (২৩ নভেম্বর) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে তিনি মারা যান। এ নিয়ে শুক্রবারের রেল দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা পাঁচে দাঁড়িয়েছে।
তানিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তাদের পারিবারিক স্বজন মুহাম্মদ ফারুক।
তানিয়া রামু দক্ষিণ মিঠাছড়ির কাইম্যার ঘোনাস্থ সাজ্জাদ পারভেজ রুবেলের সহধর্মিণী। শুক্রবার বিকাল ৩টার দিকে রেলক্রসিং দুর্ঘটনায় তানিয়ার স্বামী রুবেল, ৬ মাস বয়সী মেয়ে ইলহাম, ননদ কাশিফা, ভাগিনা সাহিল মারা যান। এতে আহত হয়ে চিকিৎসাধীন ছিলেন তানিয়া সুলতানা।
রুবেলের জেঠাতো ভাই মুহাম্মদ ফারুক বলেন, আহতের পর অচেতন অবস্থায় প্রথমে কক্সবাজার সদর হাসপাতালের আইসিইউতে ছিলেন তানিয়া। সেখান থেকে শনিবার ভোরে তাকে চমেক হাসপাতালে নেওয়া হয়। সেখানেও তার জ্ঞান ফেরেনি। অচেতন অবস্থায় চিকিৎসাধীন তানিয়াকে আজ (সোমবার) সকাল সাড়ে ৭টায় চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এ নিয়ে আমার চাচার পরিবারে একই দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু হলো। কাশিফার আরেক ছেলে এখনও চমেকে চিকিৎসাধীন রয়েছে।
জানা যায়, শুক্রবার জোহরের নামাজের পর কাইম্যার ঘোনার নুরুল ইসলামের ছেলে রুবেল সপরিবারে ছোট বোন রিয়া মনির শ্বশুরবাড়ি ইউনিয়নের উমখালীতে বেড়াতে যাচ্ছিলেন। তিন শিশুসহ সিএনজিচালিত অটোরিকশায় রওনা হয়েছিলেন তারা। পরে রামুর দক্ষিণ মিঠাছড়ির রেলক্রসিংয়ে তাদের বহনকারী সিএনজিচালিত অটোরিকশা ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়। দুর্ঘটনার পর রেললাইনের পাশে পড়ে ছিল শিশুদের জুতা, জামাকাপড়, উপহারসামগ্রী ও একটি লাগেজ।
চিকিৎসকরা জানিয়েছেন, আহত তানিয়ার মাথার এক পাশে গভীর ক্ষত ছিলো, যা মস্তিষ্ক পর্যন্ত পৌঁছেছে। সিটি স্ক্যানে মস্তিষ্কের সামনের অংশে আঘাত ও রক্তক্ষরণের বিষয়টি ধরা পড়েছে। চমেকে নিউরো সার্জারি বিশেষজ্ঞরা তাকে দেখভাল করছিলেন।
নিহতদের ফারুক জানান, বাড়ির কাছাকাছি, সিএনজি অটোরিকশায় মাত্র ১৫-২০ মিনিটের পথ। রেলক্রসিং পার হলে বাকি পথ মাত্র আধা কিলোমিটারের হবে। সময় লাগতো মাত্র ৫ মিনিট। ক্রসিংয়ে রেল চলে যাওয়ার অপেক্ষা করলে সময় যেত সর্বোচ্চ ২মিনিট! সেই দুই মিনিটে অধৈর্যের ফল রেলের ধাক্কায় দুমড়ে মুচড়ে যাওয়া সিএনজি অটোরিকশার যাত্রী একই পরিবারের পাঁচজনের করুণ মৃত্যু। বাড়ির বড় ছেলে, তার স্ত্রী, মেয়ে, বাড়ির মেঝ মেয়ে এবং তার সন্তান। মাত্র ১০-১৫ মিনিট আগের হাসিখুশিতে বের হওয়া মানুষগুলো মুহূর্তে নিথর হয়ে ফেরা বুকে পাথর পড়ার মতোই। গভীর রাতেই তাদের দাফন হলেও এ দুর্ঘটনা এলাকায় শোকের ছায়া ফেলেছে। তানিয়ার মরদেহের অপেক্ষায় প্রহর গুনছেন স্বজনরা।
কক্সবাজার আইকনিক রেলস্টেশনের স্টেশনমাস্টার জয়নাল আবেদিন বলেন, রেলের হর্ন বাজার পরও চালকের অধৈর্যের কারণে রামুর দক্ষিণ মিঠাছড়ির রেলক্রসিংয়ের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় এ পর্যন্ত পাঁচজনের প্রাণহানির ঘটনা ঘটলো।
প্রসঙ্গত, এর আগেও রামুর মাছুয়াখালী, রশিদনগরসহ বেশ কয়েকটি ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় একাধিকবার মোটর সাইকেল, সিএনজিচালিত অটোরিকশা, টমটম দুর্ঘটনার কবলে পড়েছে। এসব দুর্ঘটনায় বেশ কয়েকজনের প্রাণহানিও ঘটেছে। এর মধ্যে কয়েকটি রেলক্রসিংয়েও গেইটম্যান বা নিরাপত্তামূলক ব্যবস্থা ছিল না বলে অভিযোগ রয়েছে।
কক্সবাজারের জেলা প্রশাসক এম এ মান্নান বলেন, রেল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে রেলক্রসিংয়ে গেটম্যান নিয়োগ ও নিরাপত্তার বিষয়টি নিশ্চিতের উদ্যোগ নেওয়া হবে।

কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের শিশুসহ নিহত ৪