গোপালগঞ্জের মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা নাশকতা মামলায় মো. জয়লাল মুন্সি নামে এক আসামিকে ফরিদপুরের নগরকান্দা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৩ নভেম্বর) সকালে উপজেলার চরযোশরদী গ্রামে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। জয়লাল মুন্সি ওই গ্রামের জাহাঙ্গীর মুন্সির ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, জয়লাল মুন্সি বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশের নজরদারিতে ছিলেন। গোপালগঞ্জের মুকসুদপুর থানায় অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলাতেও তিনি আসামি।
স্থানীয় সূত্রে জানা যায়, জয়লাল মুন্সির পৈতৃক বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার লোহাগাড়া গ্রামে। তবে দীর্ঘদিন ধরে তিনি নগরকান্দা উপজেলার চরযোশরদী গ্রামে তার নানাবাড়িতে বসবাস করে আসছিলেন।
নগরকান্দা থানার ওসি রাসুল সামদানী আজাদের দিকনির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম। এ সময় সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জাহাঙ্গীরসহ পুলিশের একটি দল অভিযানে অংশ নেয়।
নগরকান্দা থানার ওসি রাসুল সামদানী আজাদ জানান, নগরকান্দা থানায় দায়ের করা নাশকতা মামলার আসামি যিনি মুকসুদপুর থানার নাশকতা মামলারও আসামি জয়লাল মুন্সিকে বিশেষ অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে। অপরাধ দমনে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

মুকসুদপুর থানা থেকে ঝুঁকি নিয়ে ৪০০ অস্ত্র উদ্ধার, পুরস্কার পাচ্ছে সালথা থানা