পিরোজপুরের কাউখালীর বেকুটিয়া সেতুতে দুটি মোটরসাইকেল ও একটি মালবোঝাই ট্রলির মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত এবং দুজন আহত হয়েছেন। সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সেতুর কাউখালী প্রান্তে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন কাউখালীর বেকুটিয়া এলাকার সতদল রায়ের ছেলে শান্ত রায় (২৫), সয়না-রঘুনাথপুর গ্রামের বাবর মাঝীর ছেলে সুনান মাঝী (২০) এবং কেউন্দিয়া গ্রামের আজমল হক বাদল মৃধার ছেলে সাজিদ (২৩)। দুর্ঘটনায় আহত দুজন হলেন কাউখালীর পাঙ্গাসিয়া গ্রামের হায়দার আলীর ছেলে মাহফুজুর রহমান (২৫) এবং পিরোজপুর সদর উপজেলার মধ্যরাস্তা এলাকার মধুর ছেলে জয় (২৬)।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় দুটি মোটরসাইকেলে করে পাঁচ যুবক কাউখালীর দিকে যাচ্ছিলেন। মোটরসাইকেল দুটি বেকুটিয়া সেতুর কাউখালী প্রান্তে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মালবোঝাই ট্রলির সঙ্গে সেগুলোর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের পাঁচ আরোহী সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহত ব্যক্তিদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় শান্ত রায় মারা যান। পরবর্তী সময়ে রাত সাড়ে ১১টার দিকে খুলনার ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাজিদ ও সুনান মাঝীরও মৃত্যু হয়।
পিরোজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ যুগল বিশ্বাস জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বেকুটিয়া সেতুতে দুর্ঘটনার খবর পেয়ে তাদের দল ঘটনাস্থলে পৌঁছায়। সেখান থেকে দুজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে অ্যাম্বুলেন্সে পিরোজপুর জেলা হাসপাতালে নেওয়া হয় এবং প্রত্যক্ষদর্শীদের মাধ্যমে আরও তিনজনের গুরুতর আহত হওয়ার তথ্য জানা যায়।
পিরোজপুর জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) জানান, সড়ক দুর্ঘটনায় আহত চারজনকে হাসপাতালে আনা হয়েছিল। তাদের মধ্যে প্রথমে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় এবং পরে বাকি দুজনেরও শারীরিক অবস্থার অবনতি হলে তাদের খুলনায় স্থানান্তর করা হয়।
