একটি মানহানির মামলায় ভারতীয় ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন দিল্লির একটি আদালত। সোমবার (২৩ নভেম্বর) দিল্লির সাকেত আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আনাম রইস খান এই পরোয়ানা জারি করেন এবং মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ৩ ডিসেম্বর দিন নির্ধারণ করেন। এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ধ্রুব রাঠির ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি ভিডিওকে কেন্দ্র করে ২০১৮ সালে বিকাশ সংস্কৃত্যায়ন নামে এক ব্যক্তি তার বিরুদ্ধে মানহানির মামলাটি করেন; যিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভক্ত এবং ‘আই সাপোর্ট নরেন্দ্র মোদি’ নামের একটি ফেসবুক পেজের প্রতিষ্ঠাতা। বিকাশ সংস্কৃত্যায়নের অভিযোগ, ‘বিজেপি আইটি সেল পার্ট টু’ শিরোনামের ওই ভিডিওতে ধ্রুব রাঠি তাকে নিয়ে মিথ্যা ও মানহানিকর বক্তব্য দিয়েছেন, যার ফলে তার ব্যক্তিগত সুনাম ক্ষুণ্ন হয়েছে।
সোমবার মামলার শুনানি শেষে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ এলেও এ বিষয়ে বিস্তারিত আদেশ তখনো প্রকাশ করা হয়নি। এর আগে গত ৩১ অক্টোবর এবং ১৭ অক্টোবর ধ্রুব রাঠির বিরুদ্ধে জামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন আদালত।
আদালতের নোটিশ পৌঁছে দিতে গিয়ে দায়িত্বপ্রাপ্ত কর্মী ধ্রুব রাঠির বাড়ি তালাবদ্ধ দেখতে পান বলে জানা গেছে। এরপর হরিয়ানার গুরুগ্রামে তার ঠিকানায় নতুন করে সমন পাঠানোর নির্দেশ দেন আদালত এবং উল্লেখ করেন যে ২০১৯ সালের জুলাই মাসেই প্রথম তাকে আদালতে হাজির হওয়ার সমন পাঠানো হয়েছিল।
সাধারণত অস্ট্রিয়ায় বসবাসকারী ধ্রুব রাঠি গত ১০ অক্টোবর ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টি (সিজেপি) আয়োজিত বিক্ষোভে অংশ নিতে ভারতে আসেন। তবে বিক্ষোভ কর্মসূচিতে যোগ দেওয়ার আগেই পুলিশ তাকে আটক করে এবং পরদিন ১১ অক্টোবর তাকে মুক্তি দেওয়া হয়।
মুক্তি পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে ধ্রুব রাঠি দাবি করেন, ‘আমাকে গ্রেফতার বা আটক করা হয়নি, অপহরণ করা হয়েছিল।’ ওই পোস্টে তিনি আরও বলেন, ‘আমি বিক্ষোভে অংশ নিতে গেলে হয়তো আমাকে আটক করা হতো। কিন্তু আমি যখন ঘুমিয়ে ছিলাম, তখনই সাধারণ পোশাক পরা একদল লোক আমাকে অপহরণ করে।’
