গত মৌসুমে রসুন-পেঁয়াজের দাম না পেয়ে উৎপাদন খরচ তুলতে পারেননি অনেক কৃষক। সেই লোকসান পুষিয়ে নিতে ধারদেনা করে নতুন মৌসুমে আবারও আবাদে নেমেছিলেন তারা। কিন্তু কয়েক দিনের টানা বৃষ্টিতে সেই আশায় পানি পড়েছে। জমিতে জমে থাকা পানিতে পচে যাচ্ছে সদ্য রোপণ করা রসুন-পেঁয়াজের বীজ ও চারা। নতুন করে লোকসানের আশঙ্কায় দিশেহারা শরীয়তপুরের কৃষকেরা।
নড়িয়া ও জাজিরা উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, অনেক জমি জলমগ্ন। রসুন-পেঁয়াজের ক্ষেত পানির নিচে তলিয়ে আছে। কোথাও গাছের গোড়া পচে হলুদ হয়ে যাচ্ছে, কোথাও সদ্য গজানো চারা মাটিতে লুটিয়ে পড়েছে। জমি থেকে পানি সরাতে কেউ সেচপাম্প বসিয়েছেন, কেউ নিজের মতো করে পানি নিষ্কাশনের চেষ্টা করছেন। তবে চেষ্টা করেও অনেক জমির ফসল রক্ষা করা যাচ্ছে না।
নড়িয়া উপজেলার মীরবহর কান্দি এলাকার কৃষক সমেদ মিয়ার কাছে এবারের রসুন আবাদ ছিল ঘুরে দাঁড়ানোর স্বপ্ন। ১৬০ শতাংশ জমিতে রসুন চাষে তার খরচ হয়েছে প্রায় এক লাখ টাকা, যার পুরোটাই ধার করা। কিন্তু টানা বৃষ্টিতে ১২০ শতাংশ জমির রসুন তলিয়ে গেছে। টিকে আছে মাত্র ৪০ শতাংশের ফসল।
সমেদ মিয়া বলেন, এক কানি (১৬০ শতাংশ) জমির মধ্যে গন্ডা পাঁচেক (৪০ শতাংশ) জমি শুধু টিকে আছে। বাকি সব পানিতে নষ্ট হয়ে গেছে। এক লাখ টাকার সবই ধার করে রসুন আবাদ করেছি। এখন আমাগো কোনো গতি নাই। সরকার যদি সহযোগিতা করে, তাহলে অনেক উপকার হবে।
একই উপজেলার ডগ্রি এলাকার কৃষক আহম্মদ খাঁর অবস্থাও প্রায় একই। এক সপ্তাহ আগে দুই বিঘা জমিতে রসুন লাগিয়েছিলেন তিনি। এখন পুরো ক্ষেতই পানির নিচে। সেচপাম্প বসিয়ে পানি সরাচ্ছেন, আশা করছেন পানি কমলে কিছু রসুন বাঁচবে।
আহম্মদ খাঁ বলেন, এইবার আমাগো অনেক বড় ক্ষতি হইলো। গতবার রসুন আবাদ করে খরচই ওঠে নাই। এবার আশা কইরা লাগাইছিলাম। এমন ক্ষতি হইবো, ভাবতে পারি নাই। আমাগো আশা, কৃষি বিভাগ যেন বিনামূল্যে নতুন করে বীজ আর সার দেয়।
কৃষকদের আশঙ্কা, দ্রুত পানি না নামলে আরও চারা নষ্ট হবে। আবার নতুন করে আবাদ করতে হলে জমি প্রস্তুত, বীজ ও সার কেনার বাড়তি খরচ সামলাতে হবে। আগের মৌসুমের লোকসানের বোঝা নিয়ে এই ক্ষতির মুখে পড়ায় অনেকের পক্ষে ঘুরে দাঁড়ানো কঠিন হবে।
কৃষি বিভাগ সূত্র জানায়, চলতি মৌসুমে শরীয়তপুরে ৪ হাজার ৭০৬ হেক্টর জমিতে পেঁয়াজ আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এর মধ্যে মুড়িকাটা পেঁয়াজ ৪ হাজার ৩৫০ হেক্টর, হালি পেঁয়াজ ৩৫০ হেক্টর এবং বীজ উৎপাদনের জন্য ৬ হেক্টর। এ ছাড়া ৫ হাজার ২৫০ হেক্টর জমিতে রসুন আবাদের লক্ষ্যমাত্রা রয়েছে।
টানা বৃষ্টিতে শুধু রসুন-পেঁয়াজ নয়, সরিষা ও বিভিন্ন সবজির ক্ষেতও ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রাথমিক হিসাবে, ১৪২ হেক্টর জমির ফসল আক্রান্ত হয়েছে। ক্ষতির পরিমাণ নিরূপণ ও কৃষকদের তালিকা তৈরির কাজ চলছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জাহীদুল আলম বলেন, বৃষ্টিতে রসুন, পেঁয়াজ, সরিষা ও সবজির ক্ষেত আক্রান্ত হয়েছে। আবহাওয়া ভালো হলে কিছু জমির ফসল টিকে যাবে। ক্ষতিগ্রস্ত কৃষকেরা যোগাযোগ করলে অধিদপ্তরের সঙ্গে কথা বলে তাদের প্রণোদনার আওতায় আনার চেষ্টা করা হবে।
