লক্ষ্মীপুর আদালত প্রাঙ্গণে প্রিজনভ্যানে ওঠার সময় ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কয়েকজন নেতাকর্মী। এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবীদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপিপন্থী আইনজীবীরা।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে আসামিদের কারাগারে পাঠানোর সময় এ ঘটনা ঘটে। আদালতের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) আব্দুল আহাদ শাকিল পাটওয়ারী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, জামিন শুনানির জন্য ১৭ জন আসামিকে আদালতে হাজির করা হয়েছিল। শুনানি শেষে তাদের কারাগারে পাঠানোর প্রস্তুতি হিসেবে প্রিজনভ্যানে তোলার সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা ‘জয় বাংলা’ স্লোগান দেন।
এ সময় জেলা আওয়ামী লীগের সদস্য ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান পাটওয়ারী দুই আঙুল উঁচিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবীদের ‘চোখ উপড়ে’ ফেলার হুমকি দেন বলে অভিযোগ করেন শাকিল পাটওয়ারী। এ ঘটনার পরপরই বিএনপিপন্থী আইনজীবীরা বিক্ষোভ মিছিল বের করেন।
শাকিল পাটওয়ারী আরও জানান, সদর মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় মনিরুজ্জামান পাটওয়ারী এবং লক্ষ্মীপুর পৌর কৃষক লীগের সভাপতি রাজু আহমেদকে জ্যেষ্ঠ বিচারিক হাকিমের ১ নম্বর আদালতে হাজির করা হয়। শুনানি শেষে বিচারক মো. ওমর ফারুক মনিরুজ্জামানকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। অন্যদিকে রাজু আহমেদের জামিন মঞ্জুর করেন আদালত।
এ ছাড়া চন্দ্রগঞ্জ থানায় দায়ের করা বিভিন্ন মামলায় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও ১৫ নেতাকর্মীকে আদালতে তোলা হয়। শুনানি শেষে তাঁদেরও কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
বিক্ষোভ মিছিল শেষে বক্তব্য দেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও আইনজীবী মহসিন কবির স্বপন। তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। বর্তমানে আবারও হুমকি, ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের মাধ্যমে দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চলছে।
তিনি আরও বলেন, জামিনে মুক্তি পাওয়ার পর আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির নেতাকর্মী ও আইনজীবীদের হুমকি দিচ্ছেন।
