চীনের নিজস্ব মহাকাশ স্টেশন ‘তিয়ানগং’-এ প্রথম বিদেশি নাগরিক হিসেবে পা রাখতে যাচ্ছেন পাকিস্তানের পাইলট জিশান আলী (৪০)। একই সঙ্গে মহাকাশে যাত্রা করা প্রথম পাকিস্তানি নাগরিক হিসেবেও ইতিহাস গড়তে চলেছেন তিনি।
বুধবার (২৫ নভেম্বর) উত্তর-পশ্চিম চীনের জিউকুয়ান উৎক্ষেপণ কেন্দ্র থেকে ‘শেনঝৌ-২৪’ মহাকাশযানে করে তার এই যাত্রা শুরু হবে। মহাকাশযানটিকে কক্ষপথে নিয়ে যাবে ‘লং মার্চ-২এফ’ রকেট। তিন সদস্যের এই অভিযানে জিশান আলীর সঙ্গে থাকছেন চীনের কমান্ডার তাং হংবো এবং ফ্লাইট ইঞ্জিনিয়ার উ ই।
বর্তমানে পৃথিবীর কক্ষপথে কার্যকর দুটি মহাকাশ স্টেশন রয়েছে। এর একটি যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার নেতৃত্বাধীন আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস)। এতে রাশিয়া, ইউরোপ, জাপান ও কানাডাসহ কয়েকটি দেশ অংশীদার হিসেবে যুক্ত রয়েছে। অন্যটি চীনের নিজস্ব প্রযুক্তিতে নির্মিত ‘তিয়ানগং’, যার অর্থ ‘স্বর্গের প্রাসাদ’। ২০২২ সাল থেকে স্টেশনটি পূর্ণাঙ্গভাবে কার্যক্রম পরিচালনা করছে।
এই অভিযানে পেলোড বিশেষজ্ঞ হিসেবে দায়িত্ব পালন করবেন জিশান আলী। তিয়ানগং স্টেশনে পাঁচ থেকে ১০ দিন অবস্থান করে বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষায় অংশ নেবেন তিনি। অভিযানের প্রস্তুতি হিসেবে বেইজিংয়ে সাত মাসের বিশেষ প্রশিক্ষণ সম্পন্ন করেছেন এই পাকিস্তানি পাইলট।
মহাকাশযাত্রা নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে জিশান আলী বলেন, ‘আমি শুধু নিজের জন্য যাচ্ছি না, কাঁধে পুরো পাকিস্তানের নাম বয়ে নিয়ে যাচ্ছি।’
অন্যদিকে, শেনঝৌ-২৩ অভিযানের কমান্ডার ঝু ইয়াংঝু তিয়ানগং স্টেশনে টানা এক বছর অবস্থান করবেন। মহাকাশে দীর্ঘ সময় কাটালে মানুষের শরীরে কী ধরনের পরিবর্তন ঘটে, তা নিয়ে গবেষণার অংশ হিসেবে তার এই অবস্থান। কোনো চীনা নভোচারীর মহাকাশে থাকার ক্ষেত্রে এটিই হবে দীর্ঘতম সময়।
বিশ্লেষকদের ধারণা, ২০৩০ সালের মধ্যে নাসার নেতৃত্বাধীন আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস) অবসরে যেতে পারে। সে ক্ষেত্রে মহাকাশ গবেষণায় চীনের ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। পাকিস্তানসহ উন্নয়নশীল দেশগুলোকে নিজেদের মহাকাশ কর্মসূচিতে যুক্ত করার মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে কূটনৈতিক সম্পর্ক ও প্রভাব বিস্তারের সুযোগও তৈরি করছে বেইজিং।
