জামালপুরের মাদারগঞ্জ উপজেলার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের সভাপতি ফরিদুল ইসলামকে (৪৯) মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর তুরাগ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি মাদারগঞ্জ উপজেলার কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সভাপতির দায়িত্ব পালনের পাশাপাশি উপজেলার সুখনগরী বফাত উদ্দিন তালুকদার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
ফরিদুল ইসলাম জামালপুরের মাদারগঞ্জ উপজেলার পশ্চিম সুখনগরী গ্রামের বাসিন্দা এবং আলহাজ মফিজ উদ্দিন মণ্ডলের ছেলে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর তুরাগ থানা-পুলিশ শুকতারা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। যুবলীগ সভাপতি ফরিদুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার তথ্য-প্রমাণ পাওয়া গেছে। প্রাথমিক অনুসন্ধানে তার বিরুদ্ধে দুটি মামলার তথ্য মিলেছে, যার মধ্যে মাদারগঞ্জ থানায় একটি মামলা রয়েছে বলে জানা গেছে।
তুরাগ থানার পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তার ফরিদুল ইসলামের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
অন্যদিকে, মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) স্নেহাশিষ রায় জানান, ফরিদুল ইসলামের গ্রেপ্তারের বিষয়টি তিনি ফেসবুকের মাধ্যমে জানতে পেরেছেন।
