বড়লেখা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

আপডেট : ২৪ আগস্ট ২০১৯, ২০:৩৯

মৌলভীবাজারের বড়লেখা উপজেলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আব্দুর রূপ (৩৭) নামের এক বাংলাদেশি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ভারত থেকে অবৈধ পথে মহিষ আনতে গিয়ে বাংলাদেশ-ভারত সীমান্তের উত্তর ডিমাই এলাকায় তিনি বিএসএফের গুলিতে মারা যান। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বড়লেখা সদর ইউনিয়নের চেয়ারম্যান সিরাজ উদ্দিন।

শুক্রবার (২৩ আগস্ট) উপজেলার বোবারতল বিজিবি ক্যাম্পের আওতাধীন সীমান্তের ১৩৮২ নম্বর মেইন পিলারের সাব পিলার ১ এস এলাকায় দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে এই ঘটনা ঘটে। 

নিহত আব্দুর রূপ বড়লেখা সদর ইউনিয়নের বিওসি কেছরিগুল (উত্তর) গ্রামের সাজ্জাদ আলীর ছেলে। 

সীমান্ত এলাকার স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, কাটাতারের বেড়া টোপকে শুক্রবার দিবাগত রাতে ১০-১৫ জনের বাংলাদেশী গরু ও মহিষ পাচারকারী একটি দল ভারতে অনুপ্রবেশ করে। এ সময় দায়িত্বরত বিএসফের সদস্যরা চোরাকারবারিদের লক্ষ্য করে গুলি ছেঁড়ে। গুলিতে আহত অন্যরা পালিয়ে গেলেও ঘটনাস্থলে মারা যান পাচারকারী দলের সদস্য আব্দুর রূপ।

আরও পড়ুন: রাজারহাটে চামড়ার বাজার চাঙ্গা হলেও ক্ষুব্ধ ব্যবসায়ীরা

বড়লেখা সদর ইউনিয়নের চেয়ারম্যান সিরাজ উদ্দিন শনিবার বিকেলে বলেন, ‘শনিবার সকালে তার পরিবারের লোকজন জানান, সে ভারতে গিয়েছিল। সেখানে গুলি হয়েছে। কিন্তু আব্দুর রূপ ফেরেনি। পরে বিভিন্ন সূত্রে জানা গেছে সে গুলিতে মারা গেছে। 

বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফয়জুর রহমান বলেন, বড়লেখা সীমান্তের কাঁটাতারের বেড়ার ২০০ গজ ভারতের ভেতরে একজন মারা গেছেন এমন খবর পাওয়া গেছে। তবে তার নাম পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

ইত্তেফাক/অনি