অভিযুক্তের নাম রেণু ভাটনগর। গত ২৩ নভেম্বর তাকে গ্রেপ্তার করে ইন্দিরাপুরম থানার পুলিশ। এ ঘটনায় ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ইন্দিরাপুরম থানার অধীন বসুন্ধরা এলাকার বাসিন্দা সুশীল কুমার ভাটনগর পেশায় ট্রাভেল এজেন্সি ব্যবসায়ী। বেশ কিছুদিন ধরে তিনি ঘন ঘন অসুস্থ হয়ে পড়ছিলেন। একই ধরনের শারীরিক সমস্যায় ভুগছিল তার ছেলে ও ভাতিজাও।
পরিবারের সদস্যদের বারবার অসুস্থ হয়ে পড়ার ঘটনায় সন্দেহ হয় সুশীলের। পরে চিকিৎসকের পরামর্শে স্বাস্থ্য পরীক্ষা করালে তার শরীরে বিপজ্জনক মাত্রায় সিসার উপস্থিতি ধরা পড়ে। পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ দেখা দেয়।
এরপর বিষ প্রয়োগের সন্দেহে গত ২৪ সেপ্টেম্বর পুলিশের কাছে লিখিত অভিযোগ করেন সুশীল। অভিযোগে তিনি স্ত্রী রেণু ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে তাকে, তার ছেলে এবং ভাতিজাকে হত্যার চেষ্টার অভিযোগ আনেন।
পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে রেণু অপরাধের কথা স্বীকার করেছেন। লোভের বশবর্তী হয়ে তিনি এ কাজ করেছেন বলেও জানিয়েছেন।
তদন্তসংশ্লিষ্ট পুলিশ জানায়, সুশীলের মালিকানাধীন ট্রাভেল এজেন্সির আনুমানিক মূল্য ৫ থেকে ৬ কোটি রুপি। এ ছাড়া তার নামে রয়েছে ২ কোটি রুপির জীবনবিমা, যার একমাত্র নমিনি স্ত্রী রেণু।
পুলিশের ভাষ্য অনুযায়ী, স্বামীর মৃত্যুর পর তার সম্পত্তির মালিক হতে পারবেন—এমন ধারণা থেকেই খাবারের সঙ্গে সিসা মেশানো শুরু করেন রেণু। স্বামী, ছেলে ও ভাতিজাকে হত্যার উদ্দেশ্যে তিনি এভাবে বিষ প্রয়োগ করেছেন বলে অভিযোগ।
এ ঘটনায় আর কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। পুরো বিষয়টি নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে।
সূত্র: এনডিটিভি
