অসহায় রোগীদের ঘিরে টাকার ফাঁদ, চট্টগ্রাম মেডিকেলে ২০ দালাল আটক

আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ২০:৩৫

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে দালাল ও অসাধু সিন্ডিকেটের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে ২০ জনকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৭। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আটক ব্যক্তিদের মোট ২ লাখ ৫৯ হাজার ৫০০ টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে তাদের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টা ১৫ মিনিট থেকে বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত হাসপাতাল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

এসআরবি জানায়, আটক ব্যক্তিরা মূলত গ্রাম থেকে আসা দরিদ্র ও অসহায় রোগী এবং সরকারি চিকিৎসাব্যবস্থা সম্পর্কে অনভিজ্ঞ স্বজনদের টার্গেট করতেন। সরকারি হাসপাতালে চিকিৎসাসেবা পাওয়া কঠিন, এমন ধারণা দিয়ে রোগী ও স্বজনদের মধ্যে ভীতি সৃষ্টি করে বিভিন্নভাবে টাকা হাতিয়ে নিতেন তারা। সরকারি হাসপাতালে স্বল্পমূল্যে ও বিনামূল্যে চিকিৎসার সুযোগ থাকলেও দালাল চক্রের কারণে সাধারণ মানুষ কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। হাসপাতালকে দালালমুক্ত রাখতে সাধারণ মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে সংস্থাটি জানিয়েছে, এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এসআরবি ৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার মোসলেহ উদ্দিন আহমেদের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, দালাল চক্রের তৎপরতা সম্পর্কে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই ২০ জনকে হাতেনাতে আটক করা হয়।

ইত্তেফাক/এপি