লাট, বাহাদুর, বাদশাহ ঈদে
দেখায় দারুণ খেল,
আর কিছু নয়, ওদের গায়ে
জমছিল বেশ তেল!
মানিক, রতন, মুক্তা, হীরা,
দৌলতও কি কম?
ঈদ বাজারে এদের দামেই
ফুরায় কারো দম!
ওরা কারা? নাম শুনে কেউ
চোখ করো না সরু,
ওরাই ছিল ঈদ বাজারের
সেলিব্রেটি গরু!
ঈদের দিনে ওদেরকে কেউ
যেই দিলো কোরবানি,
ওদের গায়ের চামড়া নিয়ে
কোন সে কানাকানি!
হোক না ওদের নাম বড় বা
সেলিব্রেটি বড়,
ওদের গায়ের চামড়া দিয়ে
যা খুশি তাই করো!
চামড়ার-ই দাম নেই যখনই
কোথায় ওসব রাখি?
সে চামড়ায় ডুগডুগি বানাও;
বাঁদর নাচাই, না কী?
