তাড়াশে শারীরিক প্রতিবন্ধী ছাইফুল ইসলামের কাদা মাটি দিয়ে তৈরি স্বাধীনতার সপক্ষের গুণী মানুষদের ভাস্কর্য দেখতে শনিবার সকালে তার বাড়িতে যান সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) এলাকার সংসদ সদস্য অধ্যাপক ডা. আব্দুল আজিজ। এ সময় তিনি গ্রামের কাদা মাটির তৈরি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা, জাতীয় চার নেতা- শেরে বাংলা এ কে ফজলুল হক, মওলানা আব্দুল হামিদ খান ভাসানী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, এম এ জি ওসমানী, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলামসহ বিভিন্ন কবি, লেখক তথা স্বাধীনতার সপক্ষের গুণী মানুষের ভাস্কর্য দেখে মুগ্ধ হন।
এদিকে প্রতিবন্ধী ছাইফুল ইসলাম তার তৈরি ভাস্কর্যগুলো সংসদ সদস্য অধ্যাপক ডা. আব্দুল আজিজের কাছে হস্তান্তর করেছেন।
ছাইফুল ইসলাম বলেন, তার ভাঙা ঘরে ভাস্কর্যগুলো একেবারেই বেমানান। বৃষ্টির পানির ভয়ে ঘরের মধ্যেও পলিথিনে মুড়িয়ে রাখতে হয়।
সংসদ সদস্য অধ্যাপক ডা. আব্দুল আজিজ দৈনিক ইত্তেফাককে বলেন, প্রতিবন্ধী ছাইফুল ইসলামের মাটির তৈরি ভাস্কর্যগুলো প্রশংসার দাবি রাখে। এগুলো তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার হিসেবে দেওয়ার ইচ্ছা পোষণ করেন।
মুগুর পা নিয়ে জন্মানো ছাইফুল ইসলামের ডান পা বাঁকা, চিকন, তুলনামূলক খাটো ও শক্তিহীন। সে উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের গৌরীপুর গ্রামের মৃত জুব্বার আলীর ছেলে।
