সীমান্তের ওপারে কে কী করছে জানি না, এপারে অপতৎপরতা চালাতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ১৪:২৯

সীমান্তের ওপারে কে কি করছে জানি না, তবে সীমান্তের এপারে কেউ অপতৎপরতা চালাতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে সাম্প্রতিক সহিংসতায় আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা সীমান্তের ওপার থেকে জ্বালাও-পোড়াওয়ের ঘোষণা দিচ্ছে, দেশের দুই-একটি জায়গায় ইউনিয়ন পর্যায়ে কোথাও কোথাও মশাল মিছিল করেছে বলেও শুনেছি ও দেখেছি। এগুলো খুবই বিচ্ছিন্ন ঘটনা।

সীমান্ত এলাকায় বিজিবির অবস্থান নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, সীমান্তের ওপারে কে কী করছে, তা আমরা জানি না। তবে সীমান্তের এপারে, বাংলাদেশের অভ্যন্তরে কেউ কোনো অপতৎপরতা চালাতে পারবে না।

বাংলাদেশ দখল নিয়ে ভারতের কয়েকজনের বক্তব্যের বিষয়ে সরকারের অবস্থান জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয় দেখবে। কারও অপ্রাসঙ্গিক, অপাঙ্‌ক্তেয় ও অরাজনৈতিক কথাবার্তার জবাব তিনি দেবেন না।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সাম্প্রতিক সহিংসতার ঘটনায় পুলিশ, র‍্যাব, বিজিবি, আনসারসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনেক সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। কারও মাথায় আঘাত লেগেছে, আবার কারও হাড় ভেঙেছে। আহতদের অনেকে চিকিৎসা নিয়েছেন। তবে কয়েকজনকে দীর্ঘ সময় ধরে চিকিৎসা নিতে হবে এবং কারও কারও জন্য বিশেষায়িত চিকিৎসার প্রয়োজন হবে।

আহত সদস্যদের মধ্যে কয়েকজনকে পুলিশ পদকসহ বিভিন্নভাবে পুরস্কৃত করা হবে বলেও জানান তিনি।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা চাকরিতে যোগ দেওয়ার সময় জনগণের জানমালের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার শপথ নেন উল্লেখ করে তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন শৃঙ্খলায় ফিরেছে এবং জন আস্থা অর্জন করেছে। তারা অত্যন্ত ধৈর্যের সঙ্গে সব পরিস্থিতি মোকাবিলা করেছে।

শ্রমিক অসন্তোষের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিজেরা আহত হলেও কোনো শ্রমিকের গায়ে হাত দেননি বলে দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, কোনো শ্রমিক আহত হননি, কোনো প্রাণহানিও ঘটেনি। বিষয়টি দেশে-বিদেশে প্রশংসিত হয়েছে।

দেশে আবারও অস্থিরতা সৃষ্টির আশঙ্কা রয়েছে কি না—এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এসব মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব সময় প্রস্তুত থাকে। তাদের কাজই এটি। সব সময় কিছু অস্থিরতা সৃষ্টি হতে পারে—এমনটা ধরেই নেওয়া হয়। সে জন্যই পুলিশ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় রয়েছে।

জ্বালাও-পোড়াও এবং কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, শ্রমিক ভাই-বোনেরা অত্যন্ত সন্তুষ্ট। মজুরি বোর্ডের ন্যূনতম মজুরি ঘোষণাকে তারা স্বাগত জানিয়েছেন এবং শৃঙ্খলা বজায় রেখেছেন। কিছু শ্রমিক নামধারী ব্যক্তি শ্রমিকদের মধ্যে অসন্তোষ সৃষ্টির অসৎ পাঁয়তারা করছেন। তবে তারা সফল হবেন না।

কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

ইত্তেফাক/এসজেএস