রংপুরে সড়ক দুর্ঘটনায় অফিক হাসান অভি নামে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) এক শিক্ষার্থী নিহত হয়েছেন।
শনিবার (২৮ নভেম্বর) বেলা ১টার দিকে নগরীর দর্শনা মোড় এলাকায় মোটরসাইকেল ও কার্ভাডভ্যানের সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (এমআইএস) বিভাগের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী। তার বাড়ি জেলার পীরগাছা উপজেলায় বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক মো. ইসমাঈল হোসেন বলেন, আমি এখন হাসপাতালের জরুরি বিভাগে আছি। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে মরদেহ নেওয়ার ব্যবস্থা করছি।
তাজহাট থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, আমরা ইতোমধ্যে দুর্ঘটনাকবলিত গাড়িটি আটক করে থানায় নিয়ে এসেছি এবং চালককে আটকের জন্য কাজ করছে পুলিশ।
