সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টায় চার বাসে আগুন, গ্রেপ্তার ৬

আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ২০:৩০

সাভার ও আশুলিয়ায় একের পর এক পার্কিং করা বাসে অগ্নিসংযোগের ঘটনায় নতুন করে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। গত ২৪ ঘণ্টার ব্যবধানে চারটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তাছাড়া সাভারে মশাল মিছিলের প্রস্তুতিকালে ৬ জনকে গ্রেপ্তারের তথ্য জানিয়েছে পুলিশ।

শুক্রবার (২৭ নভেম্বর) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের জোড়পুল এলাকায় ‘লাব্বাইক পরিবহনের’ একটি বাসে আগুন দেওয়ার পর শনিবার ভোরে সাভার ও আশুলিয়ার পৃথক তিনটি স্থানে আরও তিনটি বাসে আগুন দেওয়া হয়।

এদিকে শুক্রবার রাতে বাসে অগ্নিসংযোগ ও মশাল মিছিলের প্রস্তুতির অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় হানিফ পরিবহনের নকল স্টিকার ও রং ব্যবহার করে তৈরি একটি নকল স্টিকারযুক্ত বাসসহ মশাল, ব্যানার ও নাশকতায় ব্যবহারের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার ভোর ৪টার দিকে সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের ব্যাংক টাউন এলাকায় ঢাকাগামী লেনে পার্কিং করে রাখা একটি বাসে আগুন দেওয়া হয়। একই সময়ে আশুলিয়ার নবীনগর-চন্দ্রা মহাসড়কের গণকবাড়িতে পরমাণু শক্তি গবেষণা প্রতিষ্ঠানের প্রধান ফটকসংলগ্ন এলাকায় এবং আবদুল্লাহপুর-বাইপাইল সড়কের সরকার মার্কেট এলাকায় নারী ও শিশু হাসপাতালের সামনে দাঁড়িয়ে থাকা আরও দুটি বাসে আগুন দেওয়া হয়। এর মধ্যে একটি আলিফ পরিবহনের বাস।

পরে খবর পেয়ে সাভার ও আশুলিয়া ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে আশুলিয়ার দুটি বাসের অধিকাংশ অংশ পুড়ে যায়। ব্যাংক টাউন এলাকার বাসটির ভেতরের ডেকোরেশন ও কিছু মালামাল ক্ষতিগ্রস্ত হয়। বাসগুলো পার্কিং করা থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, ব্যাংক টাউন এলাকায় বাসে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বাসটির ভেতরের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম জানান, মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাসগুলোতে দুর্বৃত্তরা নাশকতার উদ্দেশ্যে আগুন দিয়েছে বলে ধারণা করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে। পাশাপাশি এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। 

এর আগে শুক্রবার দুপুর ১টা ৪০ মিনিটের দিকে ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুরের জোড়পুল এলাকায় আরিচাগামী লেনে পার্কিং করে রাখা লাব্বাইক পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুনে বাসটির ভেতরের অংশ ক্ষতিগ্রস্ত হয়।

সাভার মডেল থানার ওসি সাইফুল আলম জানান, এ ঘটনায় অজ্ঞাত ব্যক্তিরা জড়িত থাকতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

এদিকে শুক্রবার রাতে ঢাকা-আরিচা মহাসড়কের রাজফুলবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত শ্রমিক লীগের ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের বিরুদ্ধে বাসে অগ্নিসংযোগের চেষ্টা ও মশাল মিছিলের প্রস্তুতির অভিযোগ রয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রুবেল হাওলাদার, বাপ্পী হোসেন সাইদ ও সজীব। বাকি তিনজনের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ জানায়, শুক্রবার রাত ৯টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের ব্যাংক টাউন এলাকায় একটি বাসে অগ্নিসংযোগের চেষ্টার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজনরা ব্যানার-ফেস্টুন ও মশালসহ নকল হানিফ পরিবহনের বাসটি নিয়ে ঢাকার দিকে পালিয়ে যায়। পরে পুলিশ বাসটির পিছু নেয়। বলিয়াপুর এলাকায় সড়কে বেরিকেড দেওয়া হলেও ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল রাজফুলবাড়িয়া এলাকায় গাড়ি দিয়ে বেরিকেড দিয়ে বাসটি আটক করে। এ সময় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। পরে ট্যানারি ফাঁড়ি পুলিশ অভিযান চালিয়ে আরও একজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার ৬

সাভার মডেল থানার ওসি সাইফুল আলম বলেন, হানিফ পরিবহনের স্টিকার ও একই ধরনের রং ব্যবহার করে তৈরি বাসটি দিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীরা গত কয়েক দিন ধরে বিভিন্ন এলাকায় মশাল মিছিল, ঝটিকা মিছিল ও অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়ে পালিয়ে যাচ্ছিলেন। বাসটির মালিক শ্রমিক নেতা রুবেল হাওলাদার। বাসটি থেকে পেট্রোল, মশাল, ব্যানার-ফেস্টুনসহ নাশকতায় ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার পাশাপাশি পলাতকদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে। জিজ্ঞাসাবাদে বাসটিতে থাকা অন্য ব্যক্তিদের এবং নাশকতার পরিকল্পনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

ইত্তেফাক/এপি